ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কক্সবাজারে মুক্তিপণ আদায়কালে গ্রেফতার ৩

প্রকাশিত: ১১:৩৯ এএম, ১৩ অক্টোবর ২০১৬

টেকনাফের এক ব্যবসায়ীকে কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছরায় অপহরণের পর মুক্তিপণ আদায়ের সময় তিন অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে রুমালিয়ারছড়া বাজারে অভিযান চালিয়ে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার ও তিন অপহরণকারীকে গ্রেফতার করে পুলিশ।

উদ্ধার ব্যবসায়ীর নাম হাজী আব্দুস সালাম। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং লম্বাবিল এলাকার বাসিন্দা। ব্যক্তিগত কাজে বুধবার কক্সবাজার এলে অপহরণকারীরা তাকে টমটম থেকে জিম্মি করে ওই এলাকায় নিয়ে যায়।

গ্রেফতাররা হলেন, কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছরার মৃত আব্দুল হামিদের ছেলে শওকত আলম (২৬), সদর উপজেলার পিএমখালী নয়াপাড়া এলাকার মালেখুজ্জামানের ছেলে শেখ কামাল (২৮) ও একই এলাকার আলী আকবরের ছেলে করিম উল্লাহ (২৫)।

সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) বখিতয়ার উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি, অস্ত্র ও নারী নির্যাতন আইনে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সায়ীদ আলমগীর/এএম/পিআর