সোনারগাঁওয়ে সাবেক চেয়ারম্যানের ছেলেসহ আটক ৪
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনা নদীতে ডাকাতির সময় স্থানীয় বৈদ্যের বাজার ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও ওই ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গাজী আবু তালেবের ছেলেসহ চার ডাকাতকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুটি রামদা, কয়েকটি লোহার রড ও স্পিডবোট উদ্ধার করা হয়।
রোববার সকালে উপজেলার বারদী এলাকার নদীতে ডাকাতির সময় আড়াইহাজার খাঁগকান্দা ফাঁড়ির নৌ পুলিশ তাদের আটক করে।
আটকরা হলেন, বৈদ্যের বাজার ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও ওই ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গাজী আবু তালেবের ছেলে গাজী আরমান (২৪), একই ইউনিয়নের উলুকান্দি গ্রামের চাঁনু মিয়ার ছেলে মনির হোসেন (২৭), মামলতপুর গ্রামের মুকবুল হোসেনের ছেলে খলিল হোসেন (১৯) ও আবুল হোসেনের ছেলে আক্তার হোসেন (২৫)।
আড়াইহাজার থানার খাঁগকান্দা নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, সোনারগাঁও ও আড়াইহাজার এলাকার মেঘনা নদীতে এই চক্রটি দীর্ঘদিন যাবৎ কয়েকটি গ্রুপে ভাগ হয়ে বিভিন্ন নৌযানে ডাকাতি করে আসছিল। রোববার সকালে স্পিডবোটে করে ৬-৭ জন ডাকাত মেঘনা নদীর কান্দাপাড়া ও নলচর এলাকার মাঝামাঝি স্থানে একটি মালবাহী লঞ্চে হানা দেয়।
এসময় নৌ-শ্রমিকদের পিটিয়ে আহত করে তাদের সঙ্গে থাকা নগদ টাকা, মোবাইল সেট ও মূল্যবান জিনিসপত্র লুট করার সময় নৌ শ্রমিকদের চিৎকারে নদীতে টহলরত নৌ পুলিশ স্পিডবোট নিয়ে এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে চাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের আটক করে। এসময় জনতার গণপিটুনিতে ডাকাতরা আহত হয়।
এ ঘটনায় খাঁককান্দা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরিফুল ইসলাম বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করেছেন।
শাহাদাত হোসেন/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আজ নিজেকে বড় মনে হচ্ছে: প্রথম ভোট দিয়ে তরুণী
- ২ জাল ভোট দেওয়ার চেষ্টা, সিরাজগঞ্জে যুবককে দুই বছরের কারাদণ্ড
- ৩ ‘তুই মালায়ন মানুষ, ধানের শীষে ভোট দিবি ক্যান’ বলে মারধরের অভিযোগ
- ৪ ঝালকাঠির দুই আসনে দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৬.৬৫ শতাংশ
- ৫ গণনার আগেই রেজাল্ট শিটে কর্মকর্তার স্বাক্ষর, কিছুই করার নেই ইউএনওর