ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিশ্ব খাদ্য দিবসে যশোরে মরা গরুর মাংস বিক্রি

প্রকাশিত: ০২:০৮ পিএম, ১৬ অক্টোবর ২০১৬

বিশ্ব খাদ্য দিবসে যশোরে মরা গরুর মাংস বিক্রির অপরাধে তিনজনকে ২১ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, মাংস ব্যবসায়ী নান্ডুল (৩২), আসলাম (২৮) ও রসুল (২৫)।

রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে যশোর শহরের কাঠেরপুল এলাকায় এই অভিযান চালানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আনিসুর রহমান বলেন, ২০১১ সালের পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ভক্ষণ অযোগ্য মাংস বিক্রির অপরাধে তিনজনকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

জব্দকৃত মাংস ধ্বংস করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপস্থিত ছিলেন যশোর জেলা স্যানিটারি ইন্সপেক্টর শিশির কান্তি পাল।

প্রসঙ্গত, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে নানা কর্মসূচি হাতে নেয় সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা।

মিলন রহমান/এআরএ/এবিএস