রূপগঞ্জে একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন একই পরিবারের ৫ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে। শুক্রবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার বিশ্বরোড খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ব্যবসায়ী মোহাম্মদ আলী, কবির হোসেন, হাসনা বেগম, ছানোয়ারা বেগম ও হায়দার আলী। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ব্যবসায়ী মোহাম্মদ আলী জানান, তিনি ভুলতা এলাকার গাউছিয়া মার্কেটে মশারীর ব্যবসা করে আসছেন। বিশ্বরোড খালপাড়া এলাকার আক্তারুজ্জামানের সমবায় সমিতিতে তিনি ৫ লাখ টাকা সঞ্চয় করেন। ওই টাকা দিতে দীর্ঘ দিন ধরেই তাকে ঘুরানো হচ্ছে। শুক্রবার দুপুরে তিনি তার সঞ্চয়ের টাকা ফেরত চান। এসময় আক্তারুজ্জামান সাফ জানিয়ে দেন টাকা দেয়া হবে না।
এ নিয়ে আক্তারুজ্জামানের সঙ্গে মোহাম্মদ আলীর বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আক্তারুজ্জামানসহ বিল্লাল, মোস্তাক, আজিজুলসহ তাদের লোকজন ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মোহাম্মদ আলীর পরিবারের উপর হামলা চালায়। এসময় মোহাম্মদ আলীসহ তার পরিবারের ৫ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ব্যপারে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ধরনের ঘটনার একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।
মীর আব্দুল আলীম/এফএ/এমএস