ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাস্টার দেলু বাহিনীর সঙ্গে ফের বন্দুকযুদ্ধ : গ্রেফতার ১

প্রকাশিত: ১১:৫১ পিএম, ২২ অক্টোবর ২০১৬

নারায়ণগঞ্জের দুর্ধর্ষ ডাকাত দেলোয়ার হোসেন ওরফে মাস্টার দেলু বাহিনীর সঙ্গে ডিবি (গোয়েন্দা) পুলিশের আবারো গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় দেলুর এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও ইয়াবা। তবে এদিনও দেলু পালিয়ে গেছে।

শনিবার রাত সাড়ে ১১টায় ফতুল্লার তল্লা পাঠাগারের সামনে প্রায় ২০ মিনিট ধরে এ গুলি বিনিময়ের ঘটনা ঘটে। ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১১টায় তল্লা পাঠাগারের সামনে অভিযান চলায় ডিবির একাধিক টিম। অভিযানে ছিলেন এসআই সেলিম মিয়া, আসাদুজ্জামান, মফিজুল, মনিরুজ্জামান ও নজরুল।

ওসির ভাষ্যমতে, ডিবি সদস্যদের উপস্থিতি টেরে পেয়ে সেখানে থাকা দেলু ও তার সহযোগীরা ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে।

এ সময় ডিবি পুলিশও পাল্টা গুলি ছুড়লে দুইপক্ষের মধ্যে বেশ কয়েক রাউন্ড গুলি বিনিময় ঘটে। পরে দেলু পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে দেলুর সহযোগী আনিস (৩৫) নামের এক ডাকাতকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মোশাররফ মিয়ার ছেলে। তার কাছ থেকে ৭ পয়েন্ট ৬৫ বোরের একটি পিস্তল ও ১২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

তার বাম পায়ে গুলি লাগলে আহতাবস্থায় শহরের খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

গত ১ অক্টোবর ভোরে প্রথম দফায় শহরের খানপুর সরদার পাড়া এলাকাতে ডিবির সঙ্গে দেলু বাহিনীর বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। সেদিনও দেলু পালিয়ে যান। এরপর দেলুসহ তার বাহিনীর বিরুদ্ধে মামলা হলেও তিনি অধরা আছেন।

নারায়ণগঞ্জের আলোচিত ডাকাত সরদারদের একজন হলো দেলু। অস্ত্র চালানো ও ডাকাতি কাজে পারদর্শী হওয়ায় তিনি ‘মাস্টার’ দেলু হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় দুই ডজন মামলা রয়েছে।

মো. শাহাদাত হোসেন/এএম