গাজীপুরে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
গাজীপুরে সিএনজি চালককে হত্যার দায়ে মো. রিপন (৩২) নামে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে রায়ে সাজাপ্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা ও পেনাল কোডের ৩৭৯ ধারায় আরো তিন বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৬ জনকে খালাস দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত মো. রিপন নরসিংদীর শিবপুর উপজেলার গড়বাড়ি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, নরসিংদীর শিবপুরের দত্তেরগাঁও গ্রামের রতন ভুঁইয়ার ছেলে পারভেজ ভুইঁয়া (২৮) সিএনজি অটোরিকশা চালাতেন। ২০১৩ সালের ১৪ জুন সন্ধ্যায় শিবপুর সিএনজি স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে বের হয়ে সিএনজি চালিত অটোসহ নিখোঁজ হন।
পরদিন সকালে কাপাসিয়া উপজেলার চরনিলক্ষ্মী গ্রামের একটি কলাবাগানে তার মরদেহ পাওয়া যায়। তার শরীরে আঘাত এবং মুখমণ্ডল, নাক, কান, গলা কাটা এবং মাথা থেতলানো ছিল।
এ ঘটনায় ১৭ জুন নিহতের চাচা কিরন ভুইঁয়া বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অটোর যাত্রী শিবপুর এলাকার রমজান, মোবারক, বিল্লাল, কাজল ও আকরাম হোসেনকে আসামি করা হয়।
তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা কাপাসিয়া থানার তৎকালীন পরিদর্শক জসিম উদ্দিন ওই ৫ জনসহ রিপন ও সাদ্দাম নামে আরো দুইকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করেন। ১২ জন সাক্ষীর সাক্ষ্য শেষে মঙ্গলবার আদালত এ রায় প্রদান করেন।
রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাড. হারিজ উদ্দিন আহম্মদ। আসামি পক্ষে ছিলেন অ্যাড. মো. ওয়াহিদুজ্জামান আকন (তমিজ)।
আমিনুল ইসলাম/এফএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রি, ব্যবসায়ীকে অর্ধলাখ টাকা জরিমানা
- ২ ক্ষমতায় এসেই বিএনপি জাতির কাছে দেওয়া অঙ্গীকার ভঙ্গ করেছে
- ৩ নারায়ণগঞ্জে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা
- ৪ তনু হত্যা মামলার নতুন মোড়, সন্দেহভাজন ৩ জনের ডিএনএ পরীক্ষার নির্দেশ
- ৫ নম্বরবিহীন মোটরসাইকেলে জ্বালানি নিতে গিয়ে কারারক্ষী আটক