ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হজে পাঠানোর নামে লাখ লাখ টাকা আত্মসাৎ

প্রকাশিত: ১১:৪৩ এএম, ২৮ অক্টোবর ২০১৬

হজে পাঠানোর নামে যশোরের শার্শার মোয়াল্লেম জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। আবার চুক্তি বহির্ভূতভাবে আদায় করছে মোটা অঙ্কের অর্থ। অনেকে টাকা আদায়ের জন্য সমাজপতিদের শরণাপন্ন হলেও আদায় করতে পারছেন না তাদের অর্থ।

শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের মনিরুজ্জামান জানান, তার পরিবারের দুইজন সদস্যের হজে যাওয়ার উদ্দেশ্যে মোয়াল্লেম জাহাঙ্গীর আলমের সঙ্গে পাঁচ লাখ টাকায় চুক্তি হয়। সময় মত তার কাছে পাঁচ লাখ টাকা ও দুইটি পাসপোর্ট দেয়া হয়। কিন্তু মোয়াল্লেম জাহাঙ্গীর আলম তাদের হজে পাঠাতে পারেননি। এখন সেই টাকা ফেরত দিতে টালবাহানা করছেন মোয়াল্লেম জাহাঙ্গীর আলম।

এদিকে, তিনি ১৯ জন হজযাত্রীর কাছ থেকে চুক্তি বহির্ভূতভাবে আদায় করেছেন সাড়ে ৯ লাখ টাকা। এ বিষয়ে তার কাছে হজযাত্রীরা জানতে চাইলে মোয়াল্লেম জাহাঙ্গীর আলম জানান, মন্ত্রনালয়ে হজযাত্রী প্রতি ৫০ হাজার টাকা করে দিতে হবে। তা না হলে সরকারের পক্ষ থেকে হজের অনুমোদন দেয়া হবে না।

অন্যদিকে, মনিরুজ্জামানের মত অনেকেই তার কাছে টাকা পাবেন। কিন্তু তিনি টাকা ফেরত না দিয়ে পাওনাদারদের সঙ্গে দুর্ব্যবহারসহ বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন।

নাম প্রকাশ না করা শর্তে এক ব্যক্তি জানান, বিগত এক বছর আগে হজে যাওয়ার জন্য মোয়াল্লেম জাহাঙ্গীর আলমের কাছে টাকা দিলেও তিনি হজে পাঠাতে পারেননি। আজ পর্যন্ত টাকাও ফেরত দেননি। এছাড়া মোয়াল্লেম জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আদম ব্যবসারও অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে মোয়াল্লেম জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়। এই পেশার সঙ্গে জড়িত কয়েকজন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। শ্যামলাগাছি গ্রামের মনিরুজ্জামানের কাছ থেকে টাকা নেয়া হয়েছে। বিশেষ কারণে তাদের দুইজনকে হজে পাঠানো সম্ভব হয়নি। তার টাকা ফেরত দেয়া হবে বলেও তিনি জানান।

জামাল হোসেন/এআরএ/এমএস