ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কালীগঞ্জে জুয়েলারি কারখানায় যুবক খুন

প্রকাশিত: ১০:১৭ এএম, ০৪ নভেম্বর ২০১৬

গাজীপুরের কালীগঞ্জে জুয়েলারি একটি কারখানায় শ্যামল চন্দ্র বর্মন (৩৫) নামের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ। নিহত যুবক টঙ্গীবাড়ি উপজেলার বেশনাল গ্রামের মাঝি বাড়ির যুধিষ্ঠি চন্দ্র বর্মনের ছেলে। তিনি কালীগঞ্জ বাজারের গৌরাঙ্গ চৌধুরী মালিকানাধীন অমিত জুয়েলারি কারখানায় জুয়েলারি শ্রমিকের কাজ করতেন।

ঘটনার পরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সবুর ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান।  

অমিত জুয়েলারির মালিক গৌরাঙ্গ চৌধুরী বলেন, কারখানায় তেমন কোন স্বর্ণালঙ্কার ছিল না। রাতে এক দেড় ভরি এক জোড়া কানের দুলের কাজ করছিল। কিন্তু ঘটনাস্থলে সেটি আর পাওয়া যায়নি। তিনি আরো জানান, নিহত যুবক তার জুয়েলারিসহ বাজারের বিভিন্ন জুয়েলারি দোকানে কাজ করতেন।
    
কারখানা শ্রমিক নজরুল জানান, তিনি কারখানার পার্শ্ববর্তী মুনশুরপুর গ্রামে বাগমারের বাড়িতে ভাড়া থাকেন। সকালে কারখানার শাটারের তালা খুলে দেখতে পান কারখানার মেঝেতে শ্যামলের রক্তাক্ত মরদেহ পড়ে আছে এবং কারখানার পকেট গেইট খোলা। পরে কারখানার মালিককে জানালে তিনি থানা পুলিশকে খবর দেন।

কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মুজিবুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কারখানার নজরুল ইসলাম নামের এক শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা এলে হত্যা মামলা নেয়া হবে।

আব্দুর রহমান আরমান/এএম/এমএস