৫০ লাখ টাকা যৌতুকের দাবিতে গৃহবধূকে খুন্তির ছ্যাঁকা
নারায়ণগঞ্জে ৫০ লাখ টাকা যৌতুকের দাবিতে তাহেরা খাতুন সুমি (৩২) নামে এক গৃহবধূকে নির্যাতন ও মারধর করা হয়েছে বলে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে ওই গৃহবধূকে গরম খুন্তির ছ্যাঁকা ও রড দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করা হয়।
এ ঘটনায় মামলা হলে রোববার শুনানি শেষে অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। বাদীপক্ষের আইনজীবী আবুল হাসনাত আবদুল্লাহ রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বরাত দিয়ে তিনি জানান, ২০০৮ সালের ১৭ অক্টোবর নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর পূর্ব মসিনাবন্দ এলাকার মৃত মো. বিল্লাল হোসেনের মেয়ে তাহেরা খাতুন সুমি ও সিদ্ধিরগঞ্জ আদমজীনগর সুমিলপাড়া এলাকার আব্দুল হাকিম মেম্বারের ছেলে মো. শহিদুল ইসলামের সঙ্গে বিয়ে হয়।
বিয়ের সময় ২ লাখ টাকার আসবাবপত্র কিনে দেয়া হয় শহিদুল ইসলামকে। কিছুদিন পর শহিদুল ইসলাম ফ্ল্যাট কেনার কথা বলে আরো ৫০ লাখ টাকা যৌতুক দাবি করেন। দাবিকৃত যৌতুক না দিলে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য হুমকি দেয়া হয় স্ত্রীকে।
কয়েকদিন আগে তাহেরা খাতুন সুমি টাকা দিতে অস্বীকার করলে স্বামী শহিদুল ইসলামসহ তার বোন সমলা বেগম, শিউলী আক্তার, হোসনে আরা আক্তার ও শিমু আক্তার ক্ষিপ্ত হয়ে তাহেরা খাতুন সুমিকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। এমনকি মারধর করে গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে জখম করেন।
গত (১ নভেম্বর) তাহেরা খাতুন সুমিকে পুনরায় মারধর করে ঘর থেকে বের করে দেয়া হয়। এ ঘটনায় তিনি সদর মডেল থানায় মামলা করেন।
রোববার (৬ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের আদালত শুনানি শেষে অভিযুক্ত স্বামী মো. শহিদুল ইসলামকে গ্রেফতারের নির্দেশ দেন। একই সঙ্গে আগামী ৩১ জানুয়ারি-২০১৮ পরবর্তী শুনানির তারিখ ধার্য করেন।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফত উল্লাহ জানান, ঘটনাটি শুনেছি। আদালতের ওয়ারেন্ট হাতে পেলে স্বামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মো: শাহাদাত হোসেন/এএম/পিআর