ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সেপটিক ট্যাঙ্ক থেকে প্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৯:২৬ এএম, ১২ নভেম্বর ২০১৬

গাজীপুরে সেপটিক ট্যাঙ্ক থেকে এক বাকপ্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ির দেওলিয়াবাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওই শিশুর নাম নয়ন (৭)। সে সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাওসাবাড়ি গ্রামের মো. আব্বাস আলীর ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে রফিক (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে।

জয়দেবপুর থানা পুলিশের কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম জানান, নিহত শিশুর পরিবার দেওলিয়াবাড়ি এলাকায় রফিক মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। বৃহস্পতিবার শিশু নয়নের মায়ের সঙ্গে প্রতিবেশী যুবক রফিকের ঝগড়া হয়। পরদিন শুক্রবার থেকে নয়ন নিখোঁজ ছিল। পরে তার পরিবারের লোকজন বিভিন্ন জয়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে এলাকায় মাইকিং করে। শনিবার সকালে শিশুর মা তাদের বাড়ির পাশে একটি টয়লেটের সেপটিক ট্যাঙ্কের ভেতর নয়নের মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী ও পুলিশকে জানান।

তিনি আরো জানান, শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় রফিককে আটক করা হয়েছে। রফিকের বাড়ি ময়মনসিংহের ধোবাউয়া থানা এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ওই শিশুকে হত্যা করে সেপটিক ট্যাঙ্কে ফেলে দেয়ার কথা স্বীকার করেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

আমিনুল ইসলাম/আরএআর/এবিএস