আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার আরেক আসামি কারামুক্ত
ফাইল ছবি
গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার আরেক আসামি কাশিমপুর কারাগার থেকে মুক্তি লাভ করেছেন।
আদালতের কাগজপত্র যাচাই-বাছাই শেষে রোববার বিকেলে তাকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়। মুক্তি পাওয়া জাহাঙ্গীর আলম টঙ্গীর গোপালপুর এলাকার নূর হোসেনের ছেলে। তিনি ২০০৫ সাল থেকে ওই কারাগারে বন্দি ছিলেন।
কাশিমপুর কারাগার-১ এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, শহীদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় জাহাঙ্গীর আলমকে বিচারিক আদালত ফাঁসির আদেশ দিয়েছিলেন। পরে আসামিপক্ষ হাইকোর্টে আপিল করলে তাকে ওই মামলা থেকে খালাস প্রদান করা হয়।
এ মামলায় অপর খালাসপ্রাপ্তরা হলেন, টঙ্গীর আউচপাড়া এলাকার আজহার উদ্দিন সরকারের ছেলে রাকিব উদ্দিন ওরফে পাপ্পু সরকার এবং টঙ্গীর মরকুন এলাকার আব্দুল বারেকের ছেলে আয়ুব আলী।
উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে গাজীপুরের টঙ্গীর নোয়াগাঁও এমএ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় আহসান উল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করা হয়। তার সঙ্গে খুন হন ওমর ফারুক রতন নামে আরেকজন।
মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মাস্টার ১৯৯৬ ও ২০০১ সালে টঙ্গী থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি গাজীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। এলাকায় জনপ্রিয় আহসান উল্লাহ মাস্টার জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতিও ছিলেন।
ওই ঘটনার পরদিন নিহতের ভাই মতিউর রহমান টঙ্গী থানায় ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০/১২ জনকে আসামি করে মামলা করেন।
আমিনুল ইসলাম/এআরএ/পিআর