মৃত্যুর আগ পর্যন্ত মাঠে থাকবো : সাখাওয়াত
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে (নাসিক) বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, ২০১১ সালের নির্বাচনে নির্বাচন কমিশন সরকারের কাছে সেনাবাহিনী চেয়েও পায়নি। সেজন্য আমরা নির্বাচন থেকে সরে দাঁড়াই। কিন্তু এবারের নির্বাচন আমাদের ধানের শীষের মর্যাদার লড়াই। তাই মৃত্যুর আগ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবো।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড মিলনায়তনে সিটি কর্পোরশেন নির্বাচনের রিটার্নিং অফিসার মো. নুরুজ্জামান তালুকদারের কাছে মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাখাওয়াত হোসেন এসব কথা বলেন।
তিনি বলেন, নারায়ণগঞ্জের মানুষ জেগে উঠেছে। নারায়ণগঞ্জসহ সারা দেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। এই নির্বাচনের মাধ্যমে নারায়ণগঞ্জবাসী তাদের ভোটের যে অধিকার ফিরে পেয়েছে তা শেষ রক্তবিন্দু দিয়ে হলেও রক্ষা করবো ইনশাল্লাহ।
সাখাওয়াত হোসেন বলেন, নৌকা গণতন্ত্র হরণের প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মানুষ এবার ধানের শীষে ভোট দেবে। কারণ নারায়ণগঞ্জবাসী পরিবর্তন চায়।
সন্ত্রাসীদের গ্রেফতারসহ অবৈধ অস্ত্র উদ্ধার এবং বৈধ অস্ত্র জমা নেয়ার জোর দাবি করে সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচনের আগে সন্ত্রাসীদের গ্রেফতার না করলে তারা নির্বাচনের মাঠে বিশৃঙ্খলার চেষ্টা করবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান, নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, সাবেক এমপি আবুল কালাম, গিয়াসউদ্দিন ও আতাউর রহমান আঙ্গুর।
শাহাদাত হোসেন/আরএআর/পিআর