না.গঞ্জ আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামীপন্থিদের বিজয়
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক (২০১৬-২০১৭) নির্বাচনে ১৭ পদের বিপরীতে সভাপতি ও সেক্রেটারিসহ ৯টি গুরুত্বপূর্ণ পদে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন। আর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদকসহ ৮টি পদে জয়ী হয়েছে। গত নির্বাচনে ১৭ পদের বিপরীতে আপ্যায়ন সম্পাদক ও তিনটি কার্য্যকরী সদস্য পদ ছাড়া বাকি ১৩টিতেই ছিল আওয়ামী লীগের। এবার বিএনপির সব গ্রুপ একসঙ্গে নামলেও আশানুরূপ জয় আনতে পারেনি।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টায় নির্বাচন কমিশন এ তথ্য জানান। এর আগে সকাল সাড়ে ৯টা হতে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এবারের নির্বাচনে মোট ভোটার ছিল ৮’শ ৬৭ জন। এর মধ্যে ৮৫৩ ভোট গ্রহণ করা হয়।
পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট আব্দুস সালাম। অপর চারজন হলেন অ্যাডভোকেট আশরাফ হোসেন, অ্যাডভোকেট আসাদুজ্জামান, অ্যাডভোকেট হুমায়ুন কবির ও অ্যাডভোকেট কামরুন নাহার।
নির্বাচনে বিজয়ী প্রার্থীরা হলেন- সভাপতি আওয়ামী লীগের অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু ৪৬৫ ভোট, সাধারণ সম্পাদক আওয়ামী লীগের হাবিব আল মুজাহিদ পলু ৪৫৫ ভোট, সিনিয়র সহ-সভাপতি আওয়ামী লীগের আলাউদ্দীন আহম্মেদ ৫৩৮ ভোট, সহ-সভাপতি আওয়ামী লীগের অ্যাডভোকেট দেলোয়ারা বেগম রীনা ৪৯৮ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে বিএনপির আবুল কালাম আজাদ জাকির ৪৫২ ভোট, কোষাধ্যক্ষ হিসেবে আওয়ামী লীগের অ্যাডভোকেট সোহেল মিঞা ৪৮৬ ভোট, লাইব্রেরি-বিষয়ক সম্পাদক পদে বিএনপির আশরাফুল ইসলাম সিরাজী ৫৩২ ভোট, ক্রীড়া সম্পাদক পদে অ্যাডভোকেট আওয়ামীলীগের মাহামুদুল হক মমিন ৪৫৮ ভোট, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিএনপির নজরুল ইসলাম মাসুম ৫০০ ভোট, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে বিএনপির শরীফুল ইসলাম শিপলু ভোট ৪৭১, আপ্যায়ন সম্পাদক পদে বিএনপির মোহাম্মদ আলী ৪২৫ ভোট, সমাজসেবা সম্পাদক পদে আওয়ামী লীগের নজরুল ইসলাম ৪১৮।
এদিকে সদস্য পদে বিএনপির আনিসুর রহমান লিংকন ৪৭২ ভোট, আনজুম আহম্মেদ রিফাত ৩৯৬ ভোট ও রাসেল প্রধান ৩৯২ ভোট জয়ী হন। আর আওয়ামী লীগের দুইজন সাজ্জাদুল হক সুমন ৪৭৯ ও স্বপন ভূইয়া ৩৮৯ জয়ী হয়েছেন জানা গেছে।
মো. শাহাদাত হোসেন/বিএ