ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সব সেক্টরে উন্নয়নের জোয়ার বইছে : রেলমন্ত্রী

প্রকাশিত: ১১:৩২ এএম, ২৬ নভেম্বর ২০১৬

রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, যারা কর দেয় তারা জনগণ ও রাষ্ট্রের সেবা করে। এ কারণে বাংলাদেশ এখন উন্নয়ন ও অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সব সেক্টরে উন্নয়নের জোয়ার বইছে।

শনিবার দুপুরে কর-অঞ্চল কুমিল্লার আয়োজনে জেলার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় একটি হোটেলে সেরা করদাতা সম্মাননা অনুষ্ঠানে এসব কথা বলেন রেলমন্ত্রী।

তিনি বলেন, খাদ্যে বাংলাদেশ স্বয়ংসম্পন্ন। এ জন্য করদাতাদের বিরাট অবদান রয়েছে। তারা দেশের উন্নয়ন-অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

কর-অঞ্চল কুমিল্লার কমিশনার সামস উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়াসহ ৬টি জেলার ৪৯ জন সেরা করদাতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রশিদ, কর অঞ্চল কুমিল্লার যুগ্ম কর কমিশনার মো. আবদুস সোবহান প্রমুখ।

সার্বিক সহযোগিতা করেন কর-অঞ্চল কুমিল্লার উপ-কর কমিশনার বাপন চন্দ্র দাস। এছাড়াও ৬টি জেলার কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় দীর্ঘমেয়াদি করদাতা, সর্বোচ্চ করদাতা, নারী করদাতা, তরুণ করদাতাসহ ছয় জেলার ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

মো. কামাল উদ্দিন/এএম