ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গ্যাসের দাবিতে ঢাকা-না.গঞ্জ লিংক রোডে বিক্ষোভ

প্রকাশিত: ১২:১৮ পিএম, ২৬ নভেম্বর ২০১৬

গ্যাসসংকট নিরসনের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধসহ মানববন্ধন করেছে এলাকাবাসী। সেই সঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্যাসের সমস্যা নিরসন না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা।  

শনিবার বেলা ১১টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকায় এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়। এ সময় ফতুল্লা সিদ্ধিরগঞ্জের ৭টি গ্রামের কয়েক হাজার নারী-পুরুষ রাস্তায় নেমে আসেন। এতে লিংক রোডে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

গ্রামবাসীর পক্ষে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য জিএম আমিন হোসেন সাগর জানান, তার ওয়ার্ডের মাহমুদপুর, রগুনাথপুর, নিতাইপুর, সাহেবপাড়া, আর সিদ্ধিরগঞ্জের দক্ষিণ মিজমিজি, কান্দাপাড়া ও পূর্ব শান্তিধারা গ্রামে প্রায় দুই বছর ধরে গ্যাসের সমস্যা চলছে।

রাত ১১টার পর থেকে ভোর ৫টা পর্যন্ত গ্যাসের সামান্য চাপ থাকলেও দিনে গ্যাস থাকে না। এ ব্যাপারে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে একাধিকবার জানালেও কোনো ব্যবস্থা নেয়নি। এতে জেলা প্রশাসনের বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ করা হয়। তারপরও কোনো সমাধান হয়নি।

এছাড়া মানববন্ধন থেকে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে ৪৮ ঘণ্টার সময় দেয়া হয়েছে। এ সময়ের মধ্যে গ্যাসের চাপ বাড়িয়ে দেয়া না হলে সাইনবোর্ড সড়ক অবরোধ করা হবে বলেও জানানো হয়।  

কুতুবপুর ইউপি সদস্য জিএম আমিন হোসেন সাগরের উদ্যোগে মিছিল ও মানববন্ধনে নেতৃত্ব দেন সাহেবপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি রফিকুল ইসলাম মিয়া, রগুনাথপুর জামে মসজিদের সভাপতি কমর আলী মাতাব্বর, দক্ষিণ সাহেবপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক মজিবুর রহমান মিয়াজী প্রমুখ।

এ ব্যাপারে তিতাস গ্যাসের ফতুল্লা শাখার ম্যানেজার ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম বলেন, আমার কাছে এ পর্যন্ত কোনো অভিযোগ নিয়ে কেউ আসেনি। তারপরও খোঁজখবর নিয়ে দেখছি।

ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, গ্যাসের দাবিতে গ্রামবাসী মিছিল ও মানববন্ধন করলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে যানজটের সৃষ্টি হলেও তা সমাধান করা হয়।

মো. শাহাদাত হোসেন/এএম/আরআইপি