ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

এমপি সুবিদ আলীর মামলা প্রত্যাহার

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০২:০৩ পিএম, ২৭ নভেম্বর ২০১৬

কুমিল্লা-১ (দাউদকান্দি) এমপি সুবিদ আলী ভূঁইয়ার বিরুদ্ধে দায়ের করা একটি মামলা প্রত্যাহার করে নেয়া হয়েছে। রোববার বিকেলে কুমিল্লার ৩নং আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার সুমির আদালতে মামলার বাদী উপস্থিত হয়ে আবেদন করে ওই মামলাটি প্রত্যাহার করে নেন।

সূত্রে জানা যায়, চলতি বছরের ১৭ আগস্ট সংসদীয় কমিটির এক সভায় কুমিল্লা-১ (দাউদকান্দি) আসনের সংসদ সদস্য মেজর (অব.) সুবিদ আলী ভূঁইয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে আখ্যায়িত করেছেন বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে দেশব্যাপী আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। যদিও তিনি এসব উক্তি করেননি বলে সংবাদ মাধ্যমে দাবি করেন। এ নিয়ে কুমিল্লার কতিপয় আওয়ামী লীগ নেতার প্ররোচনায় দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হক চৌধুরী বাদী হয়ে গত ৩০ আগস্ট কুমিল্লার আমলি আদালতে একটি মামলা করেন। পরে বিষয়টি নিয়ে বাদীর সিদ্ধান্ত সঠিক ছিল না বলে রোববার তিনি মামলাটি প্রত্যাহার করে নেন।

এ বিষয়ে মামলার বাদী কামরুল হক চৌধুরী বলেন, আমি দলের কতিপয় নেতার প্ররোচনায় মামলাটি করেছিলাম কিন্তু পরে যখন জানতে পারলাম অভিযোগটি ভিত্তিহীন তাই নিজের সিদ্ধান্ত ভুল ছিল বলে মামলাটি প্রত্যাহার করে নিয়েছি।    

মো.কামাল উদ্দিন/আরএআর/পিআর