নারায়ণগঞ্জ আ.লীগে কোনো বিভেদ নেই : আইভী
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আওয়ামী লীগের সব নেতাকর্মী আমার পাশে আছেন। তারা সবাই মিলে নৌকার জন্য মাঠে নেমে কাজ করবেন। নারায়ণগঞ্জে আওয়ামী লীগের মধ্যে কোনো বিভেদ নেই। সবাই এক আছেন এবং সব সময় এক থাকবেন বলে আমার বিশ্বাস।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আইভী বলেন, উন্নয়নের মাধ্যমে জনগণের কাছে যাওয়া যায়, তাদের সুখ-দুঃখের কথা শোনা যায়। তারপরই উন্নয়নের রূপরেখা তৈরি করা হয়। আমি পাঁচটি বছর সেই কাজ করেছি। এখন পরীক্ষার পালা। দেখি সিটিবাসীর ভালোবাসা নিয়ে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি কিনা।
তিনি বলেন, পৌরসভায় আট বছর এবং সিটি কর্পোরেশনে পাঁচ বছর মোট ১৩ বছর আমি দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করেছি। কখনো প্রশ্ন করিনি কে কোন দল করে বা কে কার লোক।
উন্নয়নের স্বার্থে আমি সবসময় নিরপেক্ষ ছিলাম। আমি কারো কোনো পরিচয় নিয়ে কোনো উন্নয়ন কাজ করিনি। উন্নয়নের জন্যই আমি নিরলস কাজ করে গেছি। আমার এ উন্নয়নকৃত রাস্তাঘাট আওয়ামী লীগ-বিএনপি সবাই ব্যবহার করছে। অতএব আমি বিশ্বাস করি, দলমত নির্বিশেষে সবাই নৌকার প্রার্থীকে বিজয়ী করবে।
আইভী বলেন, উন্নয়ন করেছি জনগণের জন্য। কথা বলেছি নারায়ণগঞ্জবাসীর জন্য। এ উন্নয়নই আমার একমাত্র ভরসা। তাই নারায়ণগঞ্জবাসীর প্রতি আমার আস্থা রয়েছে, তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইভী বলেন, প্রতীক পাওয়ার পর আমার নির্বাচনের প্রচারণা শুরু হবে। তারপর বোঝা যাবে নির্বাচনের পরিবেশ কেমন। একটা নির্বাচন করতে হলে, যে ধরনের আইন-শৃঙ্খলা প্রয়োজন নির্বাচন কমিশন সে ধরনের প্রস্তুতি নেবে। প্রচারণার পর যদি দেখি নির্বাচনে কোনো বিঘ্ন ঘটবে তখন আইন-শৃঙ্খলার বিষয়ে কথা বলবো।
নারায়ণগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা শাহজাহান ভূঁইয়া জুলহাসের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা এহসান কবীর রমজান, মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, মুক্তিযোদ্ধা মজিদ সাউদ, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
শাহাদাত হোসেন/আরএআর/এএম