ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিদ্ধিরগঞ্জ থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু আইভির

প্রকাশিত: ০২:৫৮ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৬

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

সোমবার সকালে প্রতীক বরাদ্দের পর বিকেল ৪টায় মহানগরীর সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ডের বার্মাস্ট্যান্ড এলাকা থেকে এই প্রচারণা শুরু হয়। এসময় এলাকাবাসী রাস্তায় ডা. সেলিনা হায়াৎ আইভীকে কয়েকটি ফুলের তোড়া দিয়ে বরণ করেন।

পরে ‘নৌকা নৌকা ও আইভী আইভী’ স্লোগানে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো এলাকা। এছাড়া ডা. সেলিনা হায়াৎ আইভী স্থানীয় এলাকাবাসীর কাছে নৌকা প্রতীককে আগামী ২২ ডিসেম্বর ভোট দেয়ার জন্য আহ্বান ও দোয়া প্রার্থনা করেন।

প্রচারণার শুরুতে বার্মাস্ট্যান্ড এলাকায় কয়েক মিনিটের উঠোন বৈঠকে এলাকাবাসীর উদ্দেশ্যে ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘গত ৫ বছরের আপনাদের দাবি পূরণে চেষ্টা করেছি। ৬০ থেকে ৭০ ভাগ কাজ করেছি। পুরো কাজ করতে পারি নাই। তবে রাস্তা-ড্রেনসহ নারী উন্নয়নে বিভিন্ন কাজ করেছি। আমি কখনো দলবাজি করিনি। আমি নিরপেক্ষ থেকে কাজ করতে চেষ্টা করেছি।’

Selina-Rahman

আইভী আরো বলেন,‘২০১১ সালের এ মা-বোনরাই আমাদের শক্তি ও সাহস ছিল। মার্কার পরিবর্তন হয়েছে। ব্যক্তি আইভীর কোনো পরিবর্তন হয়নি। আমি একটা ব্যক্তি সেটা আপনাদের মনে রাখতে হবে। সেবার করার সুযোগ দেবেন। তখন দুই হাত তুলে অর্ধশতাধিক নারী ভোট দেয়ার সমর্থন করেন।

উঠোন বৈঠক শেষে নির্বাচিত হওয়ার পর কি কাজ করবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইভী বলেন, ‘নতুন প্রজন্মের কথা মথায় নিয়ে এগোতে চাই। খেলার মাঠ, জলাধার, নগর ভবনের কাজ চলছে। সিটি কর্পোরেশন স্থানীয় সরকারের অধীন নির্বাচন। তাই সব কাজ শেষ করা সম্ভব নয়। অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই। পরিকল্পিত পরিবেশবান্ধব অবশ্যই ডিজিটালের আওতায় আধুনিক শহর গড়তে চাই। চলার পথে যেসব বাধা আসবে সেগুলোও উন্নয়ন ও সেবার কাছে দূর হয়ে যাবে।’

বিকেল ৪টায় বার্মাস্ট্যান্ড এলাকায় প্রথমে নৌকার ফুলের তোড়া দিয়ে বরণ করেন মুক্তিযোদ্ধা হাসান আলীর স্ত্রী সাজেদা হাসান। পরে বার্মাশীল, এসও রোড, মণ্ডলপাড়া, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এলাকা, চর সুমিলপাড়া, বিহারী ক্যাম্প, সোনা মিয়ার বাজার, নতুন বাজারসহ ৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন ও নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন।

ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে প্রচারণায় অংশগ্রহণ করেন মহানগর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আতাউর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রিয়াজ উদ্দিন রেণু, সহ-সভাপতি সাদেকুর রহমান, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হোসেন আহমেদ সরদার ও সাধারণ সম্পাদক কাজী শাহজাহান, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সিরাজুল ইসলাম মণ্ডল, শেখ রাসেল শিশু-কিশোর সংগঠনের কেন্দ্রীয় সদস্য জুবায়ের আলম হীরা ও ব্যবসায়ী আবু সুফিয়ান।

হোসেন চিশতী সিপলু/পিআর