ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আইভীর গণসংযোগে জনতার ঢল

প্রকাশিত: ০৩:২৫ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৬

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী গণসংযোগে বের হলেই নামে জনতার ঢল। যখনই শোনেন আইভী আপা এসেছেন তখন নারী-পুরুষ কেউ থাকে না, সবাই এক নজর দেখার জন্য তারা ছুটে আসেন রাস্তায়। বিশেষ করে নারীরা দৌঁড়ে এসে আইভীকে জড়িয়ে ধরেন এবং তাকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।  

বৃহস্পতিবার বিকেলে শহরের পাইকপাড়া এলাকাতে গণসংযোগ শুরু করেন। পরে নলুয়াপাড়া, পাইকপাড়া জামে মসজিদ, কবরস্থান এলাকাতে গণসংযোগ করেন আইভী।

এদিকে, আইভীর আসার খবরে এলাকার শত শত নারী পুরুষ রাস্তায় এসে ভিড় জমান। এরপর তারা ফুলের পাঁপড়ি ছিটিয়ে আইভীকে বরণ করে নেন। আর আইভী আপা বলে স্লোগান দিয়ে মুখরিত করেন পুরো এলাকা। সাধারণ মানুষের সমর্থন আর ভালো বাসা দেখে আইভী উৎফুল্ল হয়ে উঠেন।  

এলাকাবাসীর উদ্দেশ্যে আইভী বিগত দিনের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আবারও নৌকা প্রতীককে ভোট দেয়ার আহ্বান জানান। এসময় আইভী বলেন, নারায়ণগঞ্জের উন্নয়নের স্বার্থে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।

অন্যদিকে, নির্বাচন নিয়ে ২০১১ সালের আগে থেকেই দ্বি-ধাবিভক্ত ছিল নারায়ণগঞ্জ নগর যুবলীগ। যার রেশ ছিল দীর্ঘ ৫ বছর ধরেই। তবে আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে মহানগর আওয়ামী লীগের ন্যায় ঐক্যবদ্ধ হয়েছে নগর যুবলীগও।

বিকেলে শহরের ১৭ ও ১৮নং ওয়ার্ডে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে গণসংযোগ করেছেন নগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু ও সেক্রেটারি আহাম্মদ আলী রেজা উজ্জলের নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীরা।

তারা কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান আতাউর, সহ-সম্পাদক দেওয়ান ফারুক, সহ-অর্থবিষয়ক সম্পাদক মো. খোকাকে নিয়ে ওই দুইটি ওয়ার্ডে গণসংযোগ করেন। এসময় নগর যুবলীগের সহ-সভাপতি অ্যাড. ফজলুর রহমান ও শাহীন আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক আজাহার সেলিম ও আমজাদ হোসেন জুয়েলসহ নগর যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শাহাদাত হোসেন/এআরএ/পিআর