ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শীতলক্ষ্যা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেন আইভী

প্রকাশিত: ১১:০২ এএম, ১১ ডিসেম্বর ২০১৬

শীতলক্ষ্যা নদীতে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে বন্দরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন করবো। সিটি কর্পোরেশন এলাকায় সেই সেতু নির্মাণ করবো ইনশাআল্লাহ।

রোববার সকাল হতে দুপুর পর্যন্ত বন্দর থানার সিটি কর্পোরেশনের ২৬ ও ২৭ নং ওয়ার্ডে গণসংযোগে আইভী এমন প্রতিশ্রুতি দেন।

তিনি আরও বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনে এখন পর্যন্ত এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি সেনাবাহিনী মোতায়েন করতে হবে। আমি গত ছয়দিন ধরে মাঠে প্রচারণা চালাচ্ছি এমন কোনো পরিস্থিতি দেখা যায়নি।

নারায়ণগঞ্জের জনগণ শান্তিপ্রিয়। তারা আমাকে চেনেন এবং আমাকে বোঝেন। যারা বার বার নাসিক নির্বাচনে সেনা মোতায়েনের দাবি করছেন তারা জনগণের প্রতি আস্থা রাখতে পারে না। সেনা মোতায়েন দাবি করে তারা নির্বাচনের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।

ive

আইভী বলেন, আমি বিগত সময়ে দলমত নির্বিশেষে এলাকার উন্নয়ন করেছি। আগামীতে দলমত নির্বিশেষে কাজ করে যাবো। আমি কখনো দলবাজি করিনি আগামীতেও করবো না। আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচন করলেও আমি দলীয় কোনো প্রভাব বিস্তার করিনি এবং করবোও না।

তিনি বলেন, নারায়ণগঞ্জেরর সাধারণ জনগণই আমার বড় দল। আমি সাধারণ জনগণকে নিয়ে কাজ করেছি তাদের নিয়েই কাজ করতে চাই। নাসিক নির্বাচনে আইভী প্রশ্নে আওয়ামী লীগ-বিএনপি একাকার হয়ে গেছে বলেও তিনি দাবি করেন।

আইভী আগমনে সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের ইস্পাহানি ও বটতলার নারীরা তাকে দেখার জন্য দলবদ্ধভাবে ছুটে আসেন এবং গ্যাস, ওয়াসার পানিসহ রাস্তা সমস্যার কথা তুলে ধরেন। পরে তাদের কথা শুনে আইভী বলেন, বন্দরে রাস্তা ৭০ ভাগ সমস্যা সমাধান করতে সক্ষম হয়েছি। মেয়র নির্বাচিত হলে সিটি কর্পোরেশন এলাকায় কোনো রাস্তার সমস্যা থাকবে না। বন্দরের ওয়াসা সিটি কর্পোরেশনের আওতায় নিয়ে আসার আশ্বাস দেন।

এ সময় বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির, আওয়ামী লীগের আরজু ভূঁইয়া, রাশেদুর রহমান রাশু, ওসমান গনি ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

শাহাদাত হোসেন/আরএআর/এএম