ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নারায়ণগঞ্জে সাখাওয়াতের নির্বাচনী ক্যাম্প চালু

প্রকাশিত: ১০:০৯ এএম, ১২ ডিসেম্বর ২০১৬

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য নির্বাচনী ক্যাম্পের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ। এই ক্যাম্প থেকে নির্বাচনী কার্যক্রম পরিচালিত হবে।

সোমবার দুপুরে শহরের শায়েস্তা খান রোডে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়ার নিজস্ব ভবনে নির্বাচনী ক্যাম্পের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
 
ক্যাম্প উদ্বোধন করে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন সাংবাদিকদের জানান, শহরে আমাদের একটি জায়গা ছিল। দিপু ভূঁইয়া তার বাসায় ক্যাম্প তৈরির জন্য জায়গা দিয়েছেন। এ জন্য কেন্দ্রের তরফ থেকে এবং স্থানীয়ভাবে আমরা তার কাছে কৃতজ্ঞ। প্রতিটি থানার নির্বাচনী কার্যক্রম মনিটরিং করা হবে এখান থেকে এবং এটিই হবে দলের প্রধান মিডিয়া সেলের অফিস। আমাদের নেতাকর্মীরা এখান থেকে প্রতিদিন কী কী ঘটছে তার আপডেট দেবেন।  
 
এ সময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার ক্ষেত্রে যদি কোনো প্রকার অসঙ্গতি দেখা যায়, যদি নির্বাচনে কোনো রকম ওলট-পালট হয় তবে নারায়ণগঞ্জ থেকে কোনো নির্বাচনী কর্মকর্তাকে বের হতে দেব না।
 
এসময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজউদ্দিন আহমেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, নরসিংদী জেলা বিএনপির সভাপতি খাইরুল কবির খোকন, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও যুবদলের সহ-অর্থ বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া, নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, সহ-সভাপতি সুরুজ্জামান, রূপগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি গোলাম ফারুক খোকন, নারায়ণগঞ্জের সাবেক ডিসি হারুনুর রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদ হাসান রোজেল, যুগ্ম আহ্বায়ক আকরাম প্রধান প্রমুখ।

 শাহাদাত হোসেন/আরএআর/পিআর