নাসিকে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেনি ইসি
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে কমিশন এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেনি বলে অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান।
মঙ্গলবার সরকারি ছুটির দিনে বন্দর থানার ১৯নং ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এই অভিযোগ করেন।
তিনি বলেন, নির্বাচনের মাত্র আর কয়েকদিন বাকি রয়েছে। আর নির্বাচনে অরাজকতা সৃষ্টি করতে পারে এমন সন্ত্রাসীদের এখনো গ্রেফতার করা হয়নি। এতে নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
তিনি আরো বলেন, বর্তমান সরকার গণতন্ত্রকে বিলুপ্ত করে রেখেছে। গণতন্ত্র রক্ষার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আন্দোলন সংগ্রাম করে চলছেন। গণতন্ত্র রক্ষার্থে নাসিক নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছে। এই নির্বাচনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জবাসী ভোটের অধিকার ফিরে পাবে বলে মনে করছি। এসময় তিনি ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করার সুযোগ চেয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, ঢাকা মহানগর উত্তর সিনিয়র যুগ্ম-সম্পাদক শাহাবুদ্দিন মুন্না, বাংলাদেশ সাম্যবাদী দলের সাঈদ আহম্মেদ, বন্দর থানা বিএনপির সভাপতি হাজী নুরুউদ্দিন, সাবেক সভাপতি আমানউল্লাহ আমান, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদ হাসান রোজেল, যুগ্ম-আহ্বায়ক আকরাম প্রমুখ।
শাহাদাত হোসেন/এআরএ/এমএস