ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

না.গঞ্জবাসী ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনবে : ফখরুল

প্রকাশিত: ১১:৩১ এএম, ১৩ ডিসেম্বর ২০১৬

নারায়ণগঞ্জবাসী ধানের শীষে ভোট দিয়ে হারানো গণতন্ত্রকে ফিরিয়ে আনবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নারায়ণগঞ্জের মানুষ অন্যায়ের প্রতিবাদ করতে জানে। তারা ধানের শীষে ভোট দিয়ে হারানো গণতন্ত্রকে ফিরিয়ে আনবে বলে আমি বিশ্বাস করি।

মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রাথী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের পক্ষে নারায়ণগঞ্জে নির্বাচনী প্রচারণায় এসে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, সরকার আমাদের অধিকার ছিনিয়ে নিয়ে গণতন্ত্রকে কবর দিয়ে দিয়েছে। তাই মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকারের আমলে দেশের যুবকেরা কেউ  নিরাপদে নেই। এ সরকারের আমলে ৫০০ যুবককে অপহরণসহ হত্যা ও নির্যাতন করা হয়েছে। এখনো অনেক মা তার সন্তানের জন্য কাঁদছে, কবে আসবে তার সন্তান। নারায়ণগঞ্জের অনেক ছেলেরা মামলা-হামলার শিকার হয়ে ঢাকাসহ অন্য জেলায় গিয়ে রিকশা চালিয়ে জীবন যাপন করছে বলেও তিনি উল্লেথ করেন।

মির্জা ফখরুল বলেন, ধানের শীষের প্রতীক হচ্ছে শান্তির প্রতীক, আর সেই প্রতীকের প্রার্থী হচ্ছেন অ্যাড. সাখাওয়াত হোসেন খান। আপনাদের সাখাওয়াত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর ও সাহসী সন্তান। তাই তাকে ভোট দিয়ে নির্বাচিত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।

নারায়ণগঞ্জের সোনাকান্দা এলাকা থেকে  নির্বাচনী প্রচারণা শুরু করে সিএসডি মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা আমানউল্লাহ আমান, ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান সারোয়ার, সাবেক এমপি আবুল কালাম, জেলা বিএনপির সভাপতি তৈমূর আলম খন্দকার, সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান প্রমুখ।

শাহাদাত হোসেন/আরএআর/আরআইপি