সিদ্ধিরগঞ্জে সাত খুন মামলার বাদী বিউটির সংবাদ সম্মেলন
সাত খুনের ঘটনায় নিহত নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি সংবাদ সম্মেলন করেছেন। শনিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের পশ্চিমপাড়ার বুকস গার্ডেনে সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১৪ ডিসেম্বর মোহাম্মদপুর পোস্ট অফিস থেকে ডাকযোগে পাঠানো একটি চিঠির মাধ্যমে আমাকে মামলার রায় (সেভেন মার্ডার মামলা) ও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য হুমকি প্রদান করা হয়। একটি কুচক্রী মহল আমার নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলছে।
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন ও সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক রাজুর নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল আমার কর্মীদের প্রকাশ্য ও পরোক্ষভাবে মামলার ভয়ভীতি ও মেরে ফেলার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন বিউটি।
তবে ইয়াছিন মিয়া ও আমিনুল হক রাজুর দাবি, বিউটির বাবা শহীদুল ইসলাম বিএনপির রাজনীতি করেন। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে শহীদ চেয়ারম্যান ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করতে এবং আমাদের নৌকা প্রতীকের নির্বাচন থেকে দূরে রাখতে স্টান্টবাজি করছে। আমরা তাকে কোনো প্রকার হুমকি দেয়ার প্রশ্ন ওঠে না। নৌকা প্রতীকের মেয়র প্রার্থীকে হারানোর জন্য শহীদ চেয়ারম্যান নিজেই চিঠিটি পোস্ট করে থাকতে পারে।
বিকেল ৩টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সেলিনা ইসলাম বিউটি। এসময় তার সঙ্গে বাবা শহীদুল ইসলাম চেয়ারম্যান, ভাই শফিকুল ইসলাম, ছেলে তারিকুল ইসলাম নাঈম ও চাচা কেরামত উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বিউটি উল্লেখ করেন, আমার স্বামীকে সন্ত্রাসীরা যেভাবে হত্যা করেছে, সেভাবে যেন আমাকেও আমার পরিবার-পরিজনদের হত্যা করতে না পারে, সেজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। সংবাদ সম্মেলনে তার পরিবারের নিরাপত্তা চেয়েছেন বিউটি। নির্বাচনে তার ওয়ার্ডের মিজমিজি পশ্চিমপাড়া ও আনন্দলোক স্কুল ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, গত ১৪ ডিসেম্বরের প্রেরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, ‘তুই ঈগল দেখসস, ঈগলের থাবা দেখস নাই। তুই ভাবসস আমার ভাইয়ের ফাঁসি হবে। কিন্তু তোর এই মামলায় ভাইয়ের কিছু করতে পারবি না। ভাই আবার বেরিয়ে আসবে। মামলা নিয়া বেশি বাড়াবাড়ি করিস না। ইলেকশন নিয়া আর ফালাফালি করিস না। এতে তোর ভালো হবে। নাইলে নজরুলের মতো তোর পরিণতিও একই হবে ‘ ওই চিঠি পাওয়ার পর তিনি ১৫ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় একটি জিডি (নং-৬৫৯) করেছেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি (সার্বিক) শরাফত উল্লাহ জানান, হুমকির বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।
হোসেন চিশতী সিপলু/এআরএ/পিআর