ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তল্লাশি চৌকি

প্রকাশিত: ০৯:১৩ এএম, ২০ ডিসেম্বর ২০১৬

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনের বাকি মাত্র দুই দিন। আজ (মঙ্গলবার) রাতেই শেষ হচ্ছে নির্বাচনের প্রচারণা। নাসিকের গুরুত্বপূর্ণ সব পয়েন্টে অবস্থান নিয়েছে পুলিশ। পাশাপাশি চলছে তল্লাশি ও প্রধান সড়কগুলোতে টহল।

এদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সোমবার রাত ১২টা থেকে বহিরাগতদের অবস্থানে আছে নিষেধাজ্ঞা।

এ বিষয়ে নাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার জানান, নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। র‌্যাব ও পুলিশের বাড়তি টহলের পাশাপাশি বিজিবির সদস্যরা বিকেল থেকে মাঠে নেমেছেন।

নগরীর প্রতিটি পয়েন্টে বসানো হয়েছে তল্লাশি চৌকি। সন্দেহ হলেই যে কাউকেই তল্লাশি করা হচ্ছে। নগরীর টানবাজারের কাছে বড় রাস্তায় রিকশায় বন্ধুর সঙ্গে যাচ্ছিলেন ১৪ নং ওয়ার্ডের বাসিন্দা তসলিম সরকার। তাদের রিকশা থামিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী নানা প্রশ্ন করে তল্লাশি করে ছেড়ে দেয়।

এ সময় তসলিম সরকার বলেন, নগরীর লিংক রোড থেকে টানবাজার পর্যন্ত রিকশায় আসার সময় এ পর্যন্ত চার জায়গায় পুলিশ তল্লাশি করেছে। শুধু আমরা নই, সবাইকেই তল্লাশি করা হচ্ছে। সব মিলে নিরাপত্তার নগরী এখন নারায়ণগঞ্জ।

এ বিষয়ে সেখানে দায়িত্ব পালনকারী এক পুলিশ সদস্য বলেন, নির্বাচন সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে সতর্ক দৃষ্টি রাখার পাশাপাশি তল্লাশি করতে উপরের নির্দেশ আছে; তাই আমরা আমাদের দায়িত্ব পালন করছি।

জানা গেছে, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রায় সাড়ে পাঁচ হাজার সদস্যকে ‘যার যার দায়িত্বে রাখা’ হয়েছে সেখানে র‌্যাব, বিজিবি, পুলিশ, আনসার, নৌ-পুলিশ, কোস্টগার্ড ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশসহ সাতটি বাহিনী থাকবে। বিজিবি সদস্যরা কাজ করবেন মূলত স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল ফোর্স হিসেবে।

এর মধ্যে সিদ্ধিরগঞ্জে ১২ প্লাটুন, সদরে সাত প্লাটুন ও বন্দর এলাকায় ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবেন। প্রতিটি প্লাটুনের সদস্য সংখ্যা ২০।

অন্যদিকে নির্বাচনী এলাকায় ১৯ ডিসেম্বর মধ্যরাত থেকে ২৩ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এদিকে নির্বাচনের তিনদিন বাকি থাকতে সোমবার থেকে ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে নগরে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে (নাসিক) আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‌্যাব ও আনসারের পাশাপাশি মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সন্ধ্যা থেকেই শহরের বিভিন্ন স্থানে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে।

এএস/এআরএস/জেআই

আরও পড়ুন