নারায়ণগঞ্জে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র নেই : পুলিশ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে এবং এখানে কোনো ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র নেই বলে মন্তব্য করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের ৬ নং ওয়ার্ডের সফুরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। এ কেন্দ্রে ৭০ শতাংশ ভোট পড়েছে। হারজিত থাকবে, থাকবে না কোনো পক্ষপাত। নিরপেক্ষতা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আমরা সার্বক্ষণিক মনিটিরং করছি। যেখানেই ঝামেলা মনে করছি সেখানেই স্ট্রাইকিং ফোর্স পাঠানো হচ্ছে।
হেলাল উদ্দিন আহমেদ বলেন, ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। আশা করছি সুষ্ঠু ভোটের মাইলফলক হয়ে থাকবে এবারের নির্বাচন। ভোটকেন্দ্রের বাইরে দুই আওয়ামীপন্থী কাউন্সিলর প্রার্থীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পেয়ে ঢাকা রেঞ্জের ডিআইজির সঙ্গে নিজেও ছুটে আসেন। ভোটকেন্দ্রের সার্বিক খোঁজখবর নেয়ার পর তিনি অন্য কেন্দ্রে চলে যান।
ভোটকেন্দ্র সূত্র জানায়, ২৩০০ ভোটের মধ্যে এক হাজার ৪২৩ ভোট পড়েছে বেলা পৌনে ২টা পর্যন্ত।
জেইউ/এআরএস/এমএস