ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাঠে নাই ভোটে আছে বিএনপি

প্রকাশিত: ১০:০১ এএম, ২২ ডিসেম্বর ২০১৬

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির তৎপরতা নেই বললেই চলে। ভোটের দিনও বিএনপির নেতাকর্মীদের মাঠে তেমন দেখা যায়নি। তবে মাঠে না থাকলেও বিএনপি ভোটে রয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

সূত্রটি জানায় শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হচ্ছে বলেই বিএনপির নেতাকর্মীরা নিরবে ভোটাধিকার প্রয়োগ করে যাচ্ছেন। পরিস্থিতি ভালো থাকলে ধানের শীষ আশানুরুপ ভোট পাবে বলে নেতাকর্মীদের ধারণা।

আল হেলাল নামের ধানের শীষ প্রতীকের এক কর্মী বলেন, নানা কারণেই নেতারা তৎপরতা চালাতে পারছে না। হামলা মামলার ভয় তো আছেই। এ কারণে কেন্দ্রগুলোতে কর্মীদের তৎপরতা কম। কিন্তু ভোট ঠিকই পড়তেছে ধানের শীষ প্রতীকে।

তিনি আরও বলেন, নিজেদের মধ্যকার দ্বন্দ্বও ছিল। কিন্তু কাউন্সিলরদের কারণে অনেকেই ভোটকেন্দ্রে আসছে। এ কারণেই ফলাফল ভালো হতে পারে।

নাম প্রকাশ না করে নৌকা প্রতীকের এক কর্মী বলেন, ধানের শীষ গণেশ উল্টেও দিতে পারে। কারণ আমরা লক্ষ্য করছি, যারা এলাকায় বিএনপির সমর্থক তারা ভোট কেন্দ্রে এসেছেন। কেন্দ্রের আশে পাশে অবস্থান না করলেও, বুথে গিয়ে হিসেব মিটিয়ে দিচ্ছেন।

এ প্রসঙ্গে ধানের শীষ প্রতীকের প্রার্থী সাখাওয়াত হোসেন বলেন, মানুষ কেন্দ্রে আসতে পারছে বলেই ধানের শীষ নিয়ে আশাবাদী। সরকার দলীয় সংগঠনের মধ্যকার দ্বন্দ্বও ধানের শীষের অনুকূলে কাজ করবে।

এএসএস/এএস/এমএমজেড/এমএস