ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাদকবিরোধী মিছিলে মাদক ব্যবসায়ীদের হামলা

প্রকাশিত: ০৩:১৬ পিএম, ০১ জানুয়ারি ২০১৭

নারায়ণগঞ্জের বন্দরে মাদকবিরোধী মিছিলে হামলা চালিয়েছে মাদক ব্যবসায়ীরা। এ সময় অস্ত্র উঁচিয়ে মাদক প্রতিরোধ কমিটির লোকজনকে ধাওয়া করে মাদক ব্যবসায়ীরা।

শনিবার রাতে লাঙ্গলবন্দ মহজমপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বন্দরের মুছাপুর ও ধামগড় এই দুই ইউনিয়নের সীমান্ত লাঙ্গলবন্দ এলাকায় মাদক ‘মহামারি’ আকার ধারণ করেছে। এতে অতিষ্ট হয়ে পড়ে এলাকার সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা।

এ অবস্থায় এলাকার মাদক নিয়ন্ত্রণে ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহম্মেদের সমন্বয়ে মহজমপুর চিড়ইপাড়া এলাকার যুবসমাজ ও শিক্ষার্থীদের নিয়ে এক মাদকবিরোধী কমিটি করা হয়।

এ কমিটি শনিবার রাতে নতুন বছরকে স্বাগত জানিয়ে মাদকমুক্ত সমাজ গড়তে স্লোগান দিয়ে একটি মিছিল বের করে। মাদক বিরোধী মিছিলটি ব্রহ্মপূত্র নদের পাড়ে স্থানীয় নুর হোসেনের দোকানের সামনে অবস্থান করে।

এ সময় পুলিশের তালিকাভুক্ত এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উঁচিয়ে মিছিলের লোকজনের ওপর হামলা চালায় এবং ধাওয়া করে।

এ সময় মাদক ব্যবসায়ীদের ধাওয়া খেয়ে মিছিলের ৩০-৩৫ জন যুবক দৌঁড়ে কামতাল তদন্ত কেন্দ্রে উপস্থিত হয়। এ সময় পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিতে ঘটনাস্থলে যায়।
 
কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, ওই ঘটনায় পুলিশ পাঠানো হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী পালিয়েছে। তবে মাদক ব্যবাসয়ীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।  

এএম/জেআইএম