ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভুয়া এমবিবিএস’র ২ বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ১২:৫৫ পিএম, ০৪ জানুয়ারি ২০১৭

কুমিল্লায় মো. সাইদুজ্জামান নামে এক ভুয়া চিকিৎসককে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে হাসপাতাল মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

বুধবার সন্ধ্যায় জেলার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজার এলাকায় অবস্থিত ইউনাইটেড হাসপাতাল থেকে আটক ওই চিকিৎসককে এ সাজা দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত ভুয়া এমবিবিএস ডা. মো. সাইদুজ্জামান বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বাটশালা গ্রামের মৃত আক্তারুজ্জামানের ছেলে।  

স্থানীয় সূত্র জানায়, জেলার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে অবস্থিত ইউনাইটেড হাসপাতালে এমবিবিএস চিকিৎসক পরিচয়ে মো. সাইদুজ্জামান দীর্ঘদিন ধরে অপারেশনসহ নানা প্রকার চিকিৎসা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিলেন।

এমবিবিএস পরিচয়ধারী এ চিকিৎসকের হাতে অপারেশন করে বেশ কয়েকজন রোগী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ রয়েছে। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেলুল কাদের ওই হাসপাতালে অভিযান চালায়।

এ সময় মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন অনুযায়ী ভুয়া চিকিৎসক সাইদুজ্জামানকে আটক করে ২ বছরের কারাদণ্ড দেয়া হয়। এ ঘটনায় হাসপাতালের পরিচালক গোলাম দস্তগীরকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেলুল কাদের বলেন, প্রতারক চিকিৎসক সাইদুজ্জামান দীর্ঘদিন ধরে অপারেশনসহ চিকিৎসার নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিলেন। আটকের পর তাকে ২ বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।   

মো. কামাল উদ্দিন/এএম/জেআইএম