ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় ছুরিকাঘাতে ২ জন নিহত

প্রকাশিত: ০১:৩৩ পিএম, ০৮ জানুয়ারি ২০১৭

কুমিল্লায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ঘাতক ভাতিজাকে আটক করেছে। রোববার বিকেলে জেলার বাঙ্গরা বাজার থানাধীন খামার গ্রামে এ ঘটনা ঘটে।

অপর হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে কুমিল্লা মহানগরীর নূরপুর এলাকায়। পূর্ব বিরোধের জের ধরে ছুরিকাঘাতে সন্ধ্যায় হাসান নামের এক যুবক নিহত হয়েছে।

জানা যায়, বাঙ্গরা বাজার থানাধীন খামার গ্রামের আবদুর রবের (৪৫) সঙ্গে তার ভাইদের পারিবারিক বিরোধ চলছিল। গত তিন দিন আগে আবদুর রবের ভাই আহাম্মদ আলীর ছেলে (ভাতিজা) মনিরুল ইসলাম (২৮) সৌদি থেকে দেশে আসেন। এরপর পারিবারিক বিরোধের জের ধরে বিকেল ৪টার দিকে চাচার সঙ্গে ভাতিজার বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

একপর্যায়ে মনির তার চাচাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত আবদুর রবকে স্থানীয়রা উদ্ধার করে জেলার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর বিকেল পৌনে ৬টার দিকে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।

বাঙ্গরা বাজার থানা পুলিশের ওসি মোয়াজ্জেম হোসেন জানান, ছুরিকাঘাত করে মনির পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়েছে।

এদিকে বিকেল সাড়ে ৪টার দিকে কুমিল্লা মহানগরীর নূরপুর বড়বাড়ির মৃত আবদুল হাকিমের ছেলে হাসানকে (২৬) পূর্ব বিরোধের জের ধরে সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকায় নেয়ার পথে সন্ধ্যা সোয়া ৬টার দিকে সে মারা যায়।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) মো. সালাহ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

কামাল উদ্দিন/এমএএস/পিআর