ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে মেয়াদোত্তীর্ণ কোকাকোলা-স্প্রাইটের তারিখ পরিবর্তনকালে আটক ২

প্রকাশিত: ০৪:২৯ এএম, ০৯ জানুয়ারি ২০১৭

যশোরের মণিরামপুরে মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয় কোকাকোলা ও স্প্রাইটের বোতলের গায়ে লাগানো মেয়াদের তারিখ পরিবর্তনের সময় কোকাকোলা কোম্পানির স্থানীয় পরিবেশকসহ দুইজনকে আটক করে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসাথে গোডাউন সিলগালা করে দেয়া হয়েছে।

রোববার রাত সাড়ে ৯টার দিকে মণিরামপুর পৌর শহরের গোহাটা মোড়স্থ ওই কোম্পানির স্থানীয় পরিবেশকের গোডাউনে এ ঘটনা ঘটে।

সাজাপ্রাপ্তরা হলেন- কোম্পানির স্থানীয় পরিবেশক পৌর শহরের হাকোবা গ্রামের মফিজুর রহমানের ছেলে আলমগীর হোসেন (২৫) ও কর্মচারী যশোর সদর থানার জঙ্গলবাঁধাল গ্রামের নান্নু গাজীর ছেলে সোহেল রানা (২৬)।  

স্থানীয়রা জানান, মণিরামপুর পৌর শহরের গোহাটা মোড়স্থ কোম্পানির স্থানীয় পরিবেশক আলমগীর হোসেনের গোডাউনে রোববার রাতে কোকাকোলা ও স্প্রাইটের বোতলের গায়ে লাগানো মেয়াদের তারিখ পরিবর্তনের কাজ চলছিল। এ সময় স্থানীয় লোকজন তাদের আটক করে।

আটক কোম্পানির পরিবেশক আলমগীর হোসেন ও কর্মচারী সোহেল রানা স্থানীয় সাংবাদিকদের জানান, কোম্পানির এরিয়া ম্যানেজার মাহফুজুর রহমান ও আঞ্চলিক বিক্রয় প্রতিনিধি আবুল বাশার বোতলের গায়ে লাগানো মেয়াদ উঠানোর জন্য কেমিক্যাল সরবরাহ করেন।

এরপর খবর পেয়ে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ অতুল মণ্ডল ঘটনাস্থলে যান। তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দুই জনের এক বছর করে কারাদণ্ড ও গোডাউন সিলগালা করে দেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ অতুল মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মিলন রহমান/আরএআর/এমএস