একই সময়ে দুই স্থানে যশোর আ.লীগের সমাবেশ
যশোরে একই সময়ে দুই স্থানে জেলা আওয়ামী লীগের ব্যানারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে শহরের প্রাণকেন্দ্র দড়াটানা ভৈরব চত্বরে একটি সমাবেশ এবং অপরটি আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
প্রাণকেন্দ্র দড়াটানা ভৈরব চত্বরে যশোর জেলা আওয়ামী লীগের ব্যানারে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্য।
জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী রায়হান, পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, এসএম আফজাল হোসেন, মাহমুদ হাসান বিপু, জেলা যুবলীগ সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, সৈয়দ মেহেদি হাসান, ছাত্রলীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল প্রমুখ।
অপরদিকে আইনজীবী সমিতি মিলনায়তন চত্বরে অনুষ্ঠিত সমাবেশে জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। সভায় আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা মোহিত কুমার নাথ, মেহেদি হাসান মিন্টু, ফারুক আহমেদ কচি, শ্রমিক লীগ নেতা আব্দুস সবুর হেলাল প্রমুখ।
এদিকে একই সময়ে দুই স্থানে জেলা আওয়ামী লীগের ব্যানারে সমাবেশ প্রসঙ্গে জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, আওয়ামী লীগ অনেক বড় দল, অনেক নেতাকর্মী। তাই স্থান সঙ্কুলানের জন্য দুই স্থানে সমাবেশ হয়েছে। দুই স্থান থেকেই বঙ্গবন্ধুর আদর্শের কথা বলা হয়েছে। এ নিয়ে কোনো বিরোধ নেই।
অপরদিকে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার বলেন, জেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী প্রেসিডিয়াম সদস্য অ্যাড. পীযূষ কান্তি ভট্টাচার্যকে প্রধান অতিথি করে দড়াটানায় সমাবেশ আহ্বান করা হয়। তবে দলের মধ্যে ঘাপটি মেরে থাকা একটি কুচক্রী মহল একতা বিনষ্ট করতে আরেকটি সমাবেশ করেছে। এর সঙ্গে জেলা আওয়ামী লীগের কোনো সংশ্লিষ্টতা নেই।
মিলন রহমান/এআরএ/পিআর