ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পশ্চিমা অর্থনীতিবিদদের মুখে চুনকালি মেখে এগিয়ে চলছে দেশ

প্রকাশিত: ১১:৪২ এএম, ১৫ জানুয়ারি ২০১৭

র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, ’৭১ সালে স্বাধীন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত থাকা পশ্চিমা অর্থনীতিবিদদের মুখে চুনকালি মেখে এগিয়ে চলছে বাংলাদেশ।

রোববার সকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে শিক্ষাপ্রতিষ্ঠান সোনালি স্বপ্ন একাডেমির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, ছোট সোনামণিদের গ্লোবাল সিটিজেন হিসেবে শিক্ষাগ্রহণ করতে হবে। এ শিক্ষার স্ট্যান্ডার্ড হতে হবে গ্লোবাল স্ট্যান্ডার্ড। যাতে অন্যান্য দেশে তাদের সমবয়সী শিশুদের সঙ্গে বুক ফুলিয়ে বা বুক উঁচু করে প্রতিযোগিতা করতে পারে।

বেনজীর আহমেদ আরো বলেন, আমাদের দেশে যারা শিক্ষাগ্রহণ করছে তাদের গ্লোবাল ওয়াইজ শিক্ষাগ্রহণ করতে হবে। শিশুদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। শিক্ষা হতে হবে গ্লোবাল, ক্রিয়েটিভ ও স্ট্যান্ডার্ড। তাদের মধ্যে ডিজিটাল পরিবেশ তৈরি করতে হবে।

তিনি বলেন, আমাদের শিশুদের আইসিটি জেনারেশন হিসেবে প্রস্তুত করতে হবে। শিশুকাল থেকেই তারা পরিচিত হবে আইটি ও আইসিটির সঙ্গে।

সোনালি স্বপ্ন একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার এস এম এমরান হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, প্রতিষ্ঠানের উপদেষ্টা ইমরুল কায়েস, মৃণাল কান্তি রায় চৌধুরী প্রমুখ।

এস এম হুমায়ূন কবীর/এআরএ/পিআর