ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে বাসের ধাক্কায় আহত আরও এক শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০১:৫৫ পিএম, ১৫ জানুয়ারি ২০১৭

যশোরে বাসের ধাক্কায় সিএনজি (থ্রি হুইলার) উল্টে আহতদের মধ্যে আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুর্ঘটনায় মৃত শ্রমিকের সংখ্যা হলো ৩। আরও আহত রয়েছেন ৭ জন।

রোববার সকালে যশোর-ঝিনাইদহ মহাসড়কের সানতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সকালেই মারা যান আহত যশোরের চৌগাছা উপজেলার ফুলসারা গ্রামের ভদু ঢালীর ছেলে লাভলু (৩৫) ও একই এলাকার নূর মোহাম্মদের ছেলে ফরিদ (৩০)। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নিহত লাভলুর আপন বড়ভাই জাকির (৩৮)।
 
দুর্ঘটনায় আহতরা হলেন, একই এলাকার আসাদ (৩৫), শওকত (২৫), সাইদুর (২৬), সোহেল (২৬), আশরাফুল (৩০), উজ্জ্বল (৩০) ও অজ্ঞাত পুরুষ (৪৫)। হতাহতরা সবাই স্থানীয় একটি পোল্ট্রি ফিড কারখানার শ্রমিক।

Jessore
হাসপাতাল সূত্র জানায়, রোববার সকালে দশজন শ্রমিক চৌগাছা এলাকা থেকে থ্রি হুইলারে চড়ে কর্মস্থল যশোর-ঝিনাইদহ মহাসড়কের সানতলা এলাকায় পৌঁছায়। শ্রমিকরা থ্রি হুইলার থেকে নামার সময় পেছন থেকে একটি যাত্রীবাহী বাস এসে থ্রি হুইলারকে ধাক্কা দেয়। এতে থ্রি হুইলার উল্টে বাসের সামনে পড়লে চাপায় ১০ শ্রমিকই আহত হন। তাদেরকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পর লাভলু মারা যান। আহতদের মধ্যে ফরিদ ও সোহেলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকায় নেয়ার পথে ফরিদের মৃত্যু হয়।

বাকিদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে লাভলুর বড় ভাই জাকির চিকিৎসাধীন অবস্থায় বিকেলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। দুর্ঘটনার পর ঘাতক বাসটি আটক করেছে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছে।
 
যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি ইলিয়াস হোসেন জানিয়েছেন, সানতলা এলাকায় বাসের ধাক্কায় তিন শ্রমিক নিহত হয়েছেন। পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে।

মিলন রহমান/এমএএস/পিআর