ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মোবাইল ফোনের জন্য স্কুলছাত্রকে হত্যা, বন্ধু আটক

প্রকাশিত: ১২:২৯ পিএম, ১৭ জানুয়ারি ২০১৭

গাজীপুরের শ্রীপুরে মোবাইল ফোনের জন্য এক স্কুলছাত্রকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহত স্কুলছাত্রের এক বন্ধুকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপজেলার নান্দিয়াসাংগুন এলাকার ধানক্ষেত থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত হিমেল (১৩), ময়মনসিংহের গফরগাঁও থানার মুথার চর গ্রামের দুবাই প্রবাসী কাজল মিয়ার ছেলে এবং শ্রীপুর উপজেলার ত্রিমোহনী এলাকার বিডি ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

আটক মাসুদ (১৫) স্থানীয় নান্দিয়াসাংগুন এলাকার রফিকুল ইসলামের ছেলে। সে হিমেলের বন্ধু। শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিনয় কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, হিমেল নান্দিয়াসাংগুন এলাকায় নানা আবু তালেবের বাড়িতে থেকে লেখাপড়া করতো। সোমবার সন্ধ্যা ৭টার দিকে কে বা কারা তাকে মোবাইল ফোন করে নানা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতে হিমেল আর বাড়ি ফিরেনি এবং তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।

হিমেলের খালা ফাতেমা জানান, রাতে সম্ভাব্য সকল স্থানে খোঁজেও হিমেলের সন্ধান পাওয়া যায়নি। পরদিন মঙ্গলবার সকাল ১০টার দিকে নানা বাড়ির অদূরে ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়। সেখানে গিয়ে হিমেলের মরদেহ দেখতে পান তিনি।

খবর পেয়ে মঙ্গলবার দুপুরে পুলিশ হিমেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।

শ্রীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে হিমেলের বন্ধু মাসুদকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদেশ থেকে বাবার পাঠানো হিমেলের মূল্যবান মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়ার জন্য ঘাতকরা হিমেলকে শ্বাসরোধে হত্যা করেছে। ঘটনার পর ঘাতকরা মোবাইল ফোনটি নিয়ে তা বন্ধ করে দেয়।

মো. আমিনুল ইসলাম/এএম/জেআইএম