ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জঙ্গিবাদ নির্মূলে প্রতিটি ওয়ার্ডে পঞ্চায়েত কমিটি হবে

প্রকাশিত: ০৩:৩০ পিএম, ২১ জানুয়ারি ২০১৭

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের এমপি শামীম ওসমান বলেছেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে প্রতিটি ওয়ার্ডে পঞ্চায়েত কমিটি গঠন করা হবে। প্রতিটি ওয়ার্ডের সরকারি খাসজমিতে পঞ্চায়েত কমিটির অফিস থাকবে। এ কমিটির সভাপতি করা হবে সমাজের একজন ভালো মানুষকে।

তিনি বলেন, এখানে কোনো দলীয় লোককে প্রাধান্য দেয়া হবে না। পঞ্চায়েত কমিটি গঠনে সবাইকে মনে রাখতে হবে কমিটির সভাপতির কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা থাকতে পারবে না। আর এ কমিটির মাধ্যমে সব ধরনের অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কাজ করতে হবে।

শনিবার বিকেলে একটি বাড়ি একটি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক নারায়ণগঞ্জ সদর উপজেলা ইউনিয়নভিত্তিক নতুন সমিতি ও বার্ষিক কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শামীম ওসমান বলেন, প্রধানমন্ত্রীর চিন্তা চেতনার ফল একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে মানুষ ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে আত্মনির্ভরশীল হতে পারবে। তাই এ প্রকল্পকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। সবাইকে একটি কথা মনে রাখতে হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেতনাকে বাস্তবায়ন করতে হলে এ প্রকল্পকে বাস্তবায়ন করতে হবে।
 
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনিম জেবিন বিনতে শেখের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশিপুর ইউপি চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদল প্রমুখ।

মো. শাহাদাত হোসেন/এএম/আরআইপি