ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাদক নির্মূলে ঐক্যের তাগিদ আইভীর

প্রকাশিত: ০৬:১৩ পিএম, ২১ জানুয়ারি ২০১৭

নারায়ণগঞ্জ থেকে মাদক নির্মূল করতে পুলিশ প্রশাসনের পাশাপাশি বাবা-মায়ের দায়িত্ব রয়েছে বলে মন্তব্য করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

তিনি বলেন, ‘মাদক নির্মূলে বাবা মা সন্তানদের প্রতি খেয়াল রাখলে তারা মাদকে সঙ্গে মিশতে পারবে না। তাই পুলিশ প্রশাসন, সমাজের পাশাপাশি বাবা-মাকে দায়িত্ব নিতে হবে। মাদক নির্মূলে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।’
 
শনিবার রাতে নারায়ণগঞ্জ শহরের পালপাড়া এলাকায় ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব বর্ষ স্মরণে ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে ধর্মীয় সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আইভী বলেন, ‘বাবা-মা ও জনগণকে ভালোবাসি বলেই আমি আবারও মেয়র নির্বাচিত হতে পেরেছি। যে যেই ধর্মের হোক না কেন সব ধর্মেই মানুষকে সেবা করতে বলেছে। বাবা-মাকে শ্রদ্ধা ও ভালোবাসতে বলেছে। আর সেই ধর্ম বর্ণ নিবিশেষে সবাইকে ভালোবাসতে পেরেছি বলেই আজ এ জায়গায় আসতে পেরেছি।
 
ঠাকুর অনুকূল চন্দ্র সৎ সংঘ নারায়ণগঞ্জ জেলার সভাপতি সমীর করের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারুক হোসেন, মুখ্য আলোচক হেমায়তপুর সৎ সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি মৃণাল কান্তি মল্লিক, সহ প্রচার বিষয়ক সম্পাদক নিতাই রায়, বিশেষ আলোচক যোগল কিশোর ঘোষ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর শফি উদ্দিন প্রধান, ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর নাজমুল আলম সজল, ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস প্রমুখ।
 
মো. শাহাদাত হোসেন/জেএইচ