ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টেন্ডারবাজি নিয়ে সাবেক এমপির বাড়িতে বোমা হামলা

প্রকাশিত: ০৪:৪৯ এএম, ২৫ মার্চ ২০১৫

যশোরে টেন্ডার জমা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের সাবেক এমপি খালেদুর রহমান টিটোর বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের ষষ্ঠীতলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে টিটোর ছোট ছেলে হাবিব হাসান বাবুসহ (৩৫) ৭ জন আহত হয়েছেন।

সূত্র মতে, যশোর সরকারি এমএম কলেজে পৌনে ৮ কোটি টাকা ব্যয়ে দুটি হোস্টেল নির্মাণের জন্য গত ৪ মার্চ দরপত্র আহবান করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। মঙ্গলবার এ টেন্ডার জমাদানের শেষ দিন ছিল। কিন্তু এর আগেই আওয়ামী লীগের বর্তমান এমপি কাজী নাবিল আহম্মদ পক্ষ, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের সমর্থকদের মধ্যে টেন্ডার নিয়ে সমাঝোতা হয়।

কিন্তু এরই মধ্যে মঙ্গলবার দুপুরের দিকে যশোর-৩ আসনের সাবেক এমপি খালেদুর রহমান টিটোর তিন ছেলে তাদের বাড়ির নিকটস্থ শিক্ষা প্রকৌশল অফিসে টেন্ডার জমা দেয়ার জন্য যান। এসময় টিটোর ছেলেদের অস্ত্র ঠেকিয়ে হুমকি দেয়া হয়। এক পর্যায়ে টিটোর ছোট ছেলে বাবুকে ছুরিকাঘাত করে তার কাছ থেকে টেন্ডারের কাগজ নিয়ে ছিড়ে ফেলা হয়। এরপর টিটোর ছেলে ও তাদের ক্যাডাররা ফায়ার সার্ভিস মোড়ে বাড়ির কাছে গিয়ে সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করে। এ সময় উভয়পক্ষ বোমা ফাটিয়ে তাদের অবস্থান জানান দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় পক্ষের মধ্যে বোমা হামলা হলে পিছু হটে টিটো’র সমর্থকরা। এক পর্যায়ে টিটোর বাসভবন লক্ষ্য করে ৩/৪টি বোমা হামলা চালানো হয়। সব মিলে উভয় পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলার সময় অন্তত ১৫টি বোমার বিস্ফোরণ ঘটে।

এ বিষয়ে সাবেক এমপি খালেদুর রহমান টিটো বলেন, তার ছেলেরা টেন্ডার জমা দিতে গেলে এমপি নাবিল ও জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকেরা একত্রে অস্ত্র ঠেকায়। ছুরিকাঘাত ও বোমার স্প্লিন্টারে তার ছোট ছেলে হাবিব হাসান বাবুসহ মোট ৭ জনকে আহত করা হয়েছে। এ সময় তার বাড়িতেও বোমা হামলা করে সন্ত্রাসীরা।

এ বিষয়ে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, তিনি সকালে অন্য একটি কাজে ব্যস্ত ছিলেন। কিন্তু সেখানে কোন বোমা হামলা হয়েছে, এমন কথা শোনেননি।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাস আলী জানান, টেন্ডার জমা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি বলে তিনি জানিয়েছেন।

এমজেড/আরআইপি