ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন

প্রকাশিত: ১১:২৮ এএম, ২৫ জানুয়ারি ২০১৭

যশোরের বেনাপোল বন্দরের অব্যবস্থাপনা, জায়গা সংকট, শেড-ইয়ার্ড ও জনবল সংকটসহ নানাবিধ সমস্যা নিয়ে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এক সংবাদ সম্মেলন করেছে।

সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় ওপারে ভারতের পেট্রাপোল বন্দরে ৬ হাজার পণ্যবোঝাই ট্রাক আটকা পড়ে আছে দিনের পর দিন।

আমদানি-রফতানি বাণিজ্যে অব্যবস্থাপনা আগামী সাতদিনের মধ্যে সমাধান না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন। বুধবার দুপুরে অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক জনাকীর্ণ সংবাদ সংম্মেলনে এ ঘোষণা দেন নেতারা।

সংবাদ সম্মেলনে বন্দরের অব্যবস্থাপনার ওপর বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ মফিজুর রহমান সজন। লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সিনিয়র সভাপতি আলহাজ নুরুজ্জামান, আলহাজ খাইরুজ্জামান মধু, কামাল উদ্দিন শিমুল, আলহাজ মহসিন মিলন ও জামাল হোসেনসহ অ্যাসোসিয়েশনের নেতারা।

নেতারা বলেন, বন্দরের অভ্যন্তরে কোনো জায়গা না থাকায় ও শেড সংকটের কারণে ভারতীয় ট্রাক থেকে পণ্য আনলোড করা সম্ভব হচ্ছে না। বন্দরের নিজস্ব অফিস ভবন না থাকায় প্যাসেঞ্জার টার্মিনালটিতে জোরপূর্বক নিজেদের অফিস হিসেবে ব্যবহার করছে।

নেতারা আরও বলেন, বন্দর অভ্যন্তরে বর্ষার সময় হাঁটু পানি ও কাদা, শুকনার সময় প্রচণ্ড ধুলার জন্য কাজ করা সম্ভব হয় না। প্রতিনিয়ত বন্দর অভ্যন্তর থেকে আমদানিকৃত কোটি কোটি টাকার পণ্য চুরি হচ্ছে। ট্রাফিক ব্যবস্থা থাকলেও সারাদিন বন্দর এলাকায় প্রচণ্ড যানজট সৃষ্টির কারণে আমদানি-রফতানি কাজে বিঘ্ন ঘটছে।

বন্দরে নতুন শেড নির্মাণ, বাইপাস সড়ক নির্মাণ ও ভারতের পেট্রাপোল বন্দরে ইনটিগ্রেটেড চেকপোস্টের মতো বেনাপোল বন্দরকেও আধুনিকায়নের জোর দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। সেই সঙ্গে বেনাপোল বন্দরকে বঙ্গবন্ধু স্থলবন্দর গঠনের জোর দাবি জানান বক্তারা।

তারা বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে বেনাপোল বন্দর সর্ববৃহৎ স্থলবন্দর হলেও এটি আজও ডিজিটালাইজড করা হয়নি। বসানো হয়নি সিসি ক্যামেরা। বন্দরে নেই বিএসটিআই অফিস। কাস্টমস ও বন্দরে রয়েছে কর্মকর্তা ও কর্মচারী সংকট। ফলে ব্যাহত হচ্ছে শুল্কায়ন ও পণ্য খালাসে গুরুত্বপূর্ণ সময়।

মো. জামাল হোসেন/এএম/জেআইএম