ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সোনারগাঁয়ে প্রতিপক্ষের হামলায় শিক্ষার্থীসহ আহত ২

প্রকাশিত: ০২:০৯ পিএম, ২৫ জানুয়ারি ২০১৭

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন চলাকালীন সময়ে প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকদের হামলায় শিক্ষার্থীসহ দুইজন আহত হয়েছেন।

এ সময় পুলিশ হামলাকারীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বিষ্ণাদী এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এলাকাবাসী জানায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বিষ্ণাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার পরিচালনা কমিটির নির্বাচন চলছিল।

এ সময় সদস্যপ্রার্থী শাহানাজ বেগমের সমর্থক আতাউর রহমান, সোলায়মান মিয়া, হাবিবুর রহমান, জিয়াউর রহমান, আতাউর রহমানসহ ১০-১৫ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আসমা বেগমের সমর্থকদের পিটিয়ে আহত করে। এ সময় দুজন আহত হয়।

নির্বাচনের দায়িত্ব পালককারী পুলিশ হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার শাহানাজ পারভীন জানান, ভোটকেন্দ্রের বাইরে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এতে নির্বাচনে কোনো পক্ষই প্রভাব বিস্তার করতে পারেনি।

সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের পিপিএম জানান, ম্যানেজিং কমিটির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য নির্বাচনী এলাকায় পুলিশ মোতায়েন ছিল। সংঘর্ষের ঘটনায় লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, এ নির্বাচনকে কেন্দ্র করে গত সোমবার সকালে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খোরশেদ আলমকে নির্বাচন বন্ধ না রাখায় প্রার্থী সমর্থকরা পিটিয়ে আহত করার পর তার অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেয়।

শাহাদাত হোসেন/এএম/জেআইএম