ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চৌগাছায় পিকনিকের বাস উল্টে নিহত ৪, আহত ৩০

প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ২৫ জানুয়ারি ২০১৭

যশোরের চৌগাছার বর্ণি রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের একটি স্কুলবাস উল্টে শিক্ষক ও দুই ছাত্রীসহ চারজন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে চৌগাছা-পুড়াপাড়া সড়কের দানবাক্স নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম মশিউর রহমান।

নিহতরা হলেন- বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহুরুল ইসলাম, রামকৃষ্ণপুর গ্রামের গিয়াস উদ্দিন মল্লিকের মেয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া ও একই গ্রামের নাসির মল্লিকের মেয়ে অষ্টম বৃষ্টি ওরফে সাথী এবং গাড়ির হেলপার চৌগাছা মাঠপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে মিলন।

আহতদের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে আহত অবস্থায় শিক্ষার্থী আকলিমা খাতুন, জুঁই, কাজল ও অজ্ঞাতনামা এবং অফিস সহকারী সন্তোষ কুমার নায়েক, আজগর হোসেনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসীর ভাষ্য মতে, রাত সাড়ে ৯টার দিকে চৌগাছার বর্ণি রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দিনাজপুরের স্বপ্নপুরে পিকনিকে যাচ্ছিল। ছেলে ও মেয়েদের দুটি বাসে প্রায় একশ যাত্রী ছিল। মেয়েদের বহনকারী (ময়মনসিংহ ব-০৫-০০১০) বাসটি পুড়াপাড়া সড়কের খড়িঞ্চা এলাকার দানবাক্স নামকস্থানে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে তালগাছের সঙ্গে ধাক্কা খায়। পরে বাসটি রাস্তার উপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান গাড়ির হেলপার মিলন, শিক্ষার্থী সাথী ও সুমাইয়া।

এদিকে স্থানীয় সূত্রগুলো চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করলেও যশোরের অতিরিক্ত পুলিশ সুপার শহীদ মোহাম্মদ আবু সরোয়ার সাংবাদিকদের  জানিয়েছেন, পিকনিকের বাস দুর্ঘটনায় তিনজন নিহত ও আরও ২০ জন আহত হয়েছেন।

যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পরিমল কুণ্ড জানান, খবর পেয়ে যশোর ও কোটচাঁদপুর স্টেশনের ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গেছেন। বেশ কয়েকজন মারা গেছেন বলে খবর পাওয়া যাচ্ছে। তবে এখনও হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত হতে পারেনি।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে চৌগাছা উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্তকর্তা নার্গিস পারভীনসহ জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। তারা হাসপাতালে গিয়েও আহতদের চিকিৎসার ব্যাপারে খোঁজ নেন।

মিলন রহমান/বিএ