গোপালগঞ্জে প্রাইভেটকার দুর্ঘটনায় চালক নিহত, ছাত্রলীগ নেতাসহ আহত ৪
প্রতীকী ছবি
গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় একটি প্রাইভেটকারের চালক নিহত হয়েছেন। এসময় ছাত্রলীগ নেতাসহ চারজন আহত হয়েছেন।
শনিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মাজড়া চরপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গাড়ী চালকের নাম ফরিদ শেখ (৩৫)। তিনি পিরোজপুর জেলার সদর উপজেলার নামাজপুর গ্রামের জলিল শেখের ছেলে।
দুর্ঘটনায় আহত পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুব্রজিৎ হালদার বাবু (২৫) ও সম্পাদক খায়রুল ইসলাম মিঠুসহ তিন জনকে প্রথমে কাশিয়ানি স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারটি ঢাকা-থেকে পিরোজপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা কোয়ালিটি আইসক্রিম কোম্পানির একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক মারা যান। এ সময় প্রাইভেটকারে থাকা তিন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।
কাশিয়ানীর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী নূর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এস এম হুমায়ূন কবীর/আরএআর/এমএস