ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

না.গঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহীসহ দুইজনকে শোকজ

প্রকাশিত: ১০:১১ পিএম, ২৯ জানুয়ারি ২০১৭

নারায়ণগঞ্জে যুবলীগ নেতার কাছে ৫ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ মামুন চৌধুরীর বিরুদ্ধে। ঘুষের টাকা না পেয়ে ওই যুবলীগ নেতার জমির লিজ বাতিলের হুমকি দেয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গত বৃহস্পতিবার আদালতে মামলাটি দায়ের করা হলেও রোববার (২৯ জানুয়ারি) আদালতপাড়ায় বিষয়টি প্রকাশ পায়।

এদিকে নারায়ণগঞ্জ যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতের বিচারক শফিকুল ইসলাম মামলাটি গ্রহণ করে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ মামুন চৌধুরী ও সহকারী প্রকৌশলী আতাউর রহমানকে শোকজ করেছেন। তাদের দু’জনকে আগামী ১৫ দিনের মধ্যে আদালতে হাজির হয়ে এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

যুবলীগ নেতার আইনজীবী জাকারিয়া হাবিব বলেন, ফতুল্লার জামতলা এলাকার ৩/১ হাজী আ. রহমান সড়কের বাসিন্দা শাহ জাহানের ছেলে শাহ ফয়েজ উল্লাহ নিজ বাড়ির সামনে ১৯.৫ শতাংশ জমি জেলা পরিষদ থেকে লিজ নিয়ে টিন শেড দোকান ঘর তৈরি করে ভাড়া দিয়েছেন। এতে লিজ ভঙ্গের অভিযোগ এনে গত বছরের অক্টোবর মাসের শেষ সপ্তাহে শাহ ফয়েজ উল্লাহর কাছে খালেদ মামুন চৌধুরী ৫ লাখ টাকা দাবি করেন। অন্যথায় ২০১৭-১৮ অর্থ বছরে লিজ নবায়ন না করে তা বাতিলের হুমকি দিয়েছেন।

তিনি আরও বলেন, শাহ ফয়েজ উল্লাহ জমিতে নির্মানাধীন স্থাপনা উচ্ছেদে ১২ লাখ টাকা ক্ষতির আশঙ্কায় প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ মামুন চৌধুরীকে ২ লাখ টাকা দিতে স্বীকার করেন। তাতে রাজী না হয়ে ৫ লাখ টাকা এনে দিতে শাহ ফয়েজ উল্লাহকে দুই মাসের সময় দেন খালেদ মামুন চৌধুরী। এছাড়া ১৯ জানুয়ারি শাহ ফয়েজ উল্লাহকে স্থাপনা অপসারণের জন্য জেলা পরিষদ থেকে একটি নোটিশ দেন। শাহ ফয়েজ উল্লাহ এর সত্যতা নিশ্চিত করে ন্যায় বিচার দাবি করেছেন।

এদিকে ঘুষের অভিযোগ অস্বীকার করে প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ মামুন চৌধুরী জানান, বিষয়টি আমার কিছুই জানা নেই।

প্রসঙ্গত, এর আগে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ মামুন চৌধুরী বিরুদ্ধে অফিসের নারী কর্মচারীকে কুপ্রস্তাব দেয়ার ঘটনায় জেলা জুড়ে সমালোচিত হয়েছেন তিনি। এছাড়া তার বিরুদ্ধে ওই নারী কর্মচারী ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরি দায়ের করেন।

আরএস