ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

না.গঞ্জে বিকেএমইএ’র সহ-সভাপতির কুশপুত্তলিকা দাহ

প্রকাশিত: ০৩:০৯ পিএম, ৩০ জানুয়ারি ২০১৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে কারখানার মালিক ও বিকেএমইএ’র প্রথম সহ-সভাপতি আসলাম সানির কুশপুত্তলিকা দাহ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় শ্রমিকরা ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে অবরোধ করার চেষ্টা করে।

সোমবার দুপুরে ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কে এ কুশপুত্তলিকা দাহ করে শ্রমিকরা। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে ফতুল্লার পঞ্চবটি হয়ে আলীগঞ্জ লেবার হলে গিয়ে সমবেত হয়।

এদিকে বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ আসলাম সানি গার্মেন্ট মালিকদের সংগঠন বিকেএমইএ’র প্রথম সহসভাপতি হয়েও শ্রমিকদেরকে বেআইনিভাবে ছাঁটাই করছেন। তিনি প্রতিষ্ঠানটির ৯২৮ জন শ্রমিককে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টায় লিপ্ত রয়েছেন।

অপরদিকে দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বালুর মাঠে অবস্থিত প্যাসিফিক সুয়েটার্স কারখানার শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা কারখানাটির সামনে সমাবেশ করে।

এ সময় শ্রমিকরা বলেন, প্যাসিফিক সুয়েটার্স কারখানার মালিক বিকেএমইএ’র সাবেক সহসভাপতি আব্দুর রহমান তার কারখানাটিতে ২০ ধারা অনুযায়ী ৬৭০ জন শ্রমিককে ছাঁটাইয়ের নোটিস দিয়েছেন সেটা তারা মানেন না। শ্রমিকদেরকে ২৬ ধারা অনুযায়ী সমস্ত পাওনাদি পরিশোধের মাধ্যমে ছাঁটাই (চাকরিচ্যুত) করতে হবে।

ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টে ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন সেন্টু জানান, ফতুল্লার বিসিক শিল্পনগরীতে অবস্থিত ক্রোনি টেক্স সুয়েটার্স নামের একটি রফতানিমুখী গার্মেন্টের ৯২৮ জন শ্রমিককে বেআইনিভাবে ২০ ধারা অনুযায়ী ছাঁটাই করায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন।

তারা সোমবার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কে কারখানাটির মালিক বিকেএমইএ’র প্রথম সহসভাপতি আসলাম সানির কুশপুত্তলিকা দাহ করেছেন। এছাড়া শহরের চাষাঢ়া বালুরমাঠে অবস্থিত প্যাসিফিক সুয়েটার্স কারখানাটির বিক্ষুব্ধ শ্রমিকরাও মিছিল করেছেন।
 
ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টে ওয়ার্কার্স কেন্দ্রীয় কার্যকরী সভাপতি কাউসার আহাম্মেদ পলাশ বলেন, ক্রোনি টেক্স সুয়েটার্সে ৯২৮ জন শ্রমিককে ২৬ ধারা অনুযায়ী ছাঁটাই করতে হলে মালিকপক্ষকে শ্রমিকদের সমস্ত পাওনা পরিশোধ করতে হবে। এতে মালিকপক্ষের বিপুল পরিমাণ অর্থ ব্যয় হবে। কিন্তু মালিকপক্ষ শ্রমিকদের প্রাপ্য পাওনাদি থেকে বঞ্চিত করার হীন লক্ষে ২০ ধারা অনুযায়ী ছাঁটাইয়ের নোটিস দিয়েছে। যা সম্পূর্ণরূপেই বেআইনি। একইভাবে প্যাসিফিক সুয়েটার্সেও মালিকপক্ষ শ্রমিকদের পাওনাদি থেকে বঞ্চিত করার হীন চক্রান্ত করছেন।

বিকেএমইএ’র সহ-সভাপতি (অর্থ) জিএম ফারুক জানান, ক্রোনি টেক্স সুয়েটার্সে আগে হ্যান্ড নিটিংয়ের মাধ্যমে কাজ করা হতো। কিন্তু বর্তমানে হ্যান্ড নিটিংয়ের মাধ্যমে অর্ডার পাওয়া যাচ্ছে না। এ কারণে মালিকপক্ষ জ্যাকার্ড মেশিন দিয়ে উৎপাদনে যাবে। ওই মেশিন ব্যবহারে জনবল অনেক কম লাগবে।

এ কারণে মালিকপক্ষ শ্রম আইনের ২০ ধারা অনুযায়ী ছাঁটাইয়ের নোটিস দিয়েছেন। অপরদিকে প্যাসিফিক সুয়েটার্সের বিষয়ে অ্যাকর্ড অ্যালায়েন্স আপত্তি জানিয়েছে, যাতে তাদেরকে কেউ কাজ না দেয়। এজন্য মালিকপক্ষ শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

মো. শাহাদাত হোসেন/এএম/জেআইএম