ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

১৪০০ কেজি জাটকা জব্দ

প্রকাশিত: ১০:৩৭ এএম, ৩১ জানুয়ারি ২০১৭

নারায়ণগঞ্জের ফতুল্লার বুড়িগঙ্গা নদীতে অভিযান চালিয়ে ১ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় কাউকে আটক করতে পারেনি।

মঙ্গলবার সকালে কোস্টগার্ড পাগলা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সায়ীদ এম কাসেদ বিএন এর তত্ত্ববধায়নে নদীতে অভিযান চালিয়ে যাত্রীবাহী লঞ্চ থেকে এসব জাটকা জব্দ করা হয়। পরে দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে কোস্টগার্ড এ তথ্য নিশ্চিত করেছেন।  

কমান্ডার সায়ীদ এম কাসেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুড়িগঙ্গা নদীর মুক্তারপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এমভি জাহিদ-৭, এম ভি গাজী সালাউদ্দীন ও এম ভি ফারহান-৩ নামের তিনটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ১ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করা হয়।

পরে জব্দকৃত অবৈধ জাটকা নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসনিম জেবিন বিনতে শেখের উপস্থিতিতে মাদরাসা ও এতিমখানা এবং স্থানীয় গরীব ও দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়।        
 
তিনি আরও বলেন, আগামী দিনগুলোতেও বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে। জাটকা নিধন অভিযান-২০১৭ নিশ্চিতকরণ ও জাতীয় স্বার্থ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড অঙ্গীকারবদ্ধ।

মো. শাহাদাত হোসেন/এএম/জেআইএম