কুবির ২৪ শিক্ষকের পদত্যাগ
কুমিল্লা বিশ্ববিদ্যলয় (কুবি) শিক্ষক সমিতির ৬ দফা দাবি আদায় না হওয়ায় বিভিন্ন প্রশাসনিক ও কমিটির পদ থেকে ২৪ জন শিক্ষক পদত্যাগ করেছেন।
মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদারের কাছে তারা পদত্যাগপত্র জমা দেন।
সন্ধ্যায় জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষক সমিতির সভাপতি ড. আবু তাহের।
জানা যায়, কুবির শিক্ষক তারিক হোসেন এবং আশিখা আক্তারের বাসায় সন্ত্রাসী হামলার বিচার, নবনিযুক্ত প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিনকে সকল ধরনের প্রশাসনিক পদ থেকে অব্যাহতি দেয়া, উপাচার্যের উপস্থিতিতে শিক্ষক সমিতি ও বঙ্গবন্ধু পরিষদের শিক্ষকদের ওপর হামলাকারী অধ্যাপক ড. সৈয়দুর রহমানকে আইকিউএসি থেকে অপসারণ, ওই ঘটনার বিচার করা, গত বছরের ১ আগস্ট ঘটে যাওয়া খালেদ সাইফুল্লাহ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করাসহ ৬ দফা দাবিতে গত ২২ জানুয়ারি থেকে সকল ধরনের ক্লাস-পরীক্ষা বর্জন করে আসছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
শিক্ষক সমিতির সভাপতি ড.আবু তাহের জানান, ‘ছয় দফা দাবি আদায়ে তারা আন্দোলন করছেন, ভিসি তাদের দাবির বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ না নেয়ায় তারা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তারপরও দাবি আদায় না হলে তারা কঠোর আন্দোলনে যাবেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার বলেন, বিকেলে ১২টি প্রশাসনিক এবং ১২টি বিভিন্ন কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন ২৪ জন শিক্ষক।
বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো আলী আশরাফ বলেন, বিষয়গুলো সমাধানের জন্য আমরা বার বার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ বিষয়ে সবার ছাড় দেয়ার মানসিকতা প্রয়োজন।
কামাল উদ্দিন/এআরএ/জেআইএম