কক্সবাজারে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষতি
কক্সবাজারের মহেশখালী ও উখিয়াতে পৃথক অগ্নিকাণ্ডে চার বসতবাড়ি এবং একটি স্বর্ণের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রোববার বেলা ১১টা ও ভোররাতে এসব অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় সূত্র জানায়, মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের রাজূয়ার ঘোনা গ্রামে বেলা ১১টার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার দক্ষিণ প্রান্ত থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে সংগঠিত অগ্নিকাণ্ড স্থলে ফায়ার সার্ভিস পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বাড়িগুলো পুড়ে যায়। 
মহেশখালী ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার ধীমান বড়ুয়া জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ারম্যান আব্দুল আাজিজ, আহমদ হোছাইন, আরিফ ও ইরান বড়ুয়াসহ একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তারা পৌঁছার আগেই চারটি বাড়ি পুড়ে যায়। এরপর অনেক কষ্টে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বেশ কয়েকটি বাড়ি রক্ষা পেয়েছে। ক্ষতিগ্রস্ত ৪ বাড়ির আনুমানিক ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে তাদের ধারণা।
অপরদিকে, কক্সবাজারের উখিয়ায় কোটবাজার স্টেশনের এক স্বর্ণের দোকানে ভোররাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা সবার। এটি চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলার বাসিন্দা জনৈক বাবুল ধরে দোকান। তিনি দীর্ঘদিন ধরে উখিয়ার কোটবাজারস্থ ফজল মার্কেটে গোল্ড হেভেন নামের স্বর্ণের দোকানটি চালাচ্ছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
সায়ীদ আলমগীর/এএম/জেআইএম