দ্বিতীয় দিনের মতো বেনাপোল আমদানি-রফতানি বন্ধ
দ্বিতীয় দিনের মতো ভারতের পেট্রাপোল বন্দরে ১০টি রফতানিকারী প্রতিষ্ঠানকে আগে রফতানি করার সুবিধা দেয়ার প্রতিবাদে ও আগের সড়ক দিয়ে পণ্যবাহী ট্রাক বাংলাদেশে রফতানির দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ভারতীয় বন্দর ব্যবহারকারীদের ধর্মঘট।
ফলে রোববারও ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে কোন আমদানি পণ্য নিয়ে ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করেনি। দুইদিন বাংলাদেশে আমদানি বন্ধ থাকায় ভারতের পেট্রাপোলে আটকা পড়েছে কয়েক হাজার পণ্য বোঝাই ট্রাক।
যার অধিকাংশই বাংলাদেশের শত ভাগ রফতানিমুখি গার্মেন্টস শিল্পের কাঁচামাল, মেশিনারি, মাছ, ফুল, পানসহ বিভিন্ন ধরনের পচনশীল পণ্য রয়েছে। তবে সকালের দিকে রফতানি পণ্য নিয়ে কয়েকটি ট্রাক ভারতে যেতে দেখা গেছে।
পেট্রাপোল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র জানান, শনিবার সকালে পেট্রাপোলের বড় ব্যবসায়ীদের রফতানি পণ্যের চালান আগে বেনাপোল বন্দরে ঢোকানোর নির্দেশ আসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে।
পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ ভারতীয় ১০টি রফতানিকারী প্রতিষ্ঠানকে নিয়ম বহির্ভূতভাবে আগে পণ্য রফতানি করার সুবিধা দেয়ার প্রতিবাদে পেট্রাপোল বন্দরের স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন তাদের সকল কার্যক্রম বন্ধ করে দেয়।
এ দাবিতে তারা পেট্রাপোল বন্দরে প্রতিবাদ সমাবেশও করেছে। এর সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত কোনো আমদানি-রফতানি হবে না এ পথে। তবে প্রশাসনের সাথে আলোচনা চলছে।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা (সুপার) আব্দুস ছামাদ জানান, ভারতের সিঅ্যান্ডএফ এজেন্টস ও বন্দর এবং কাস্টমসের মধ্যে জটিলতা সৃষ্টি হওয়ায় শনিবার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। রোববার ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছেন বিষয়টি সমাধানের জন্য ভারতীয় প্রশাসনের সাথে আলোচনা চলছে।
মো. জামাল হোসেন/এএম/আরআইপি