৭ খুন মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির আত্মসমর্পণের আবেদন
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি র্যা বের চাকরিচ্যুত সৈনিক আবদুল আলীম আত্মসমর্পণের জন্য আবেদন করেছেন। রোববার বেলা সাড়ে ১১টায় তিনি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে স্ব-শরীরে উপস্থিত
হয়ে ওই আবেদন করেন।
নারায়ণগঞ্জ জেলা আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) রিয়াজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন আলোচিত সাত খুন মামলার রায় দেন। রায়ে ২৬ জনকে মৃত্যুদণ্ড ও আরও ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ৯ জন ছিলেন পলাতক। তাদের মধ্যে একজন সার্জেন্ট এনামুল কবিরকে গত ৫ ফেব্রুয়ারি মাগুরা থানা পুলিশ গ্রেফতার করে।
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জে তৎকালীন কাউন্সিলর নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই পলাতক থাকে আবদুল আলীম। পরে তাকে র্যা ব থেকে চাকরিচ্যুত করা হয়।
শাহাদাত হোসেন/আরএআর/আরআইপি