না.গঞ্জ জেলা ও মহানগর বিএনপির আংশিক কমিটি ঘোষণা
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির আংশিক কমিটির নাম ঘোষণা করা হয়েছে। কমিটি ঘোষণার পর নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে উল্লাস।
সোমবার বিকেলে বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক পত্রে এই কমিটি গঠন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটির সভাপতি করা হয়েছে বিগত কমিটির সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক করা হয়েছে জেলা যুবদলের সাবেক সভাপতি অধ্যাপক মামুন মাহমুদ। আর মহানগর কমিটির সভাপতি করা হয়েছে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাড. আবুল কালাম ও সাধারণ সম্পাদক করা হয় নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালকে।
এদিকে, নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিগত কমিটির সভাপতি ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাড. তৈমুর আলম খন্দকারকে দুইটি কমিটিতে অন্তর্ভুক্ত না করায় বিএনপির অনেক নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে হতাশা। আর সদ্য নাসিক নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী অ্যাড. সাখাওয়াত হোসেনের নাম মহানগর কমিটিতে থাকার কথা থাকলেও তার নাম ঘোষিত আংশিক কমিটিতে তার নাম না থাকায় তার সমর্থিত অনেক নেতাই ক্ষোভ প্রকাশ করেন।
প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি গঠন করা হয় সম্মেলন করে। সেখানে অ্যাড. তৈমুর আলম খন্দকার সভাপতি, কাজী মনিরুজ্জামান সম্পাদক ও মুহাম্মদ শাহ-আলম হন সহ-সভাপতি। এরপর সাত বছর ধরেও কমিটি পূর্ণাঙ্গ হয়নি।
তবে গত বছরগুলোতে আন্দোলন সংগ্রামে কোনো ভূমিকাই ছিল না কাজী মনির ও শাহ-আলমের। বরং আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেই চলতে হয়েছে তাঁদের।
শাহাদাত হোসেন/এআরএ/জেআইএম